নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ আজ ৯ ডিসেম্বর; শেরপুরের নকলা উপজেলা মুক্ত দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে নকলা হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি স্মরণে রবিবার সকালে নকলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক কমান্ডার স্মৃতি সংসদ, পারফেক্ট পাবলিক স্কুলসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি ও মুক্তিযোদ্ধা কমপে¬ক্সের সামনে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
ওইসময় উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চয়োরম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, জেলা পরিষদের সদস্য ছামিউল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হকসহ উপজেলায় জীবিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনগন, সাংবাদিক ও সুশীল সমাজের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর এদেশের মুক্তিযোদ্ধারা ভারতীয় মিত্র বাহিনীর সহযোগিতায় সশস্ত্র রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে সীমান্ত জেলা শেরপুরের নকলা উপজেলাকে হানাদারমুক্ত করেছিলেন। পাকিস্তানি বাহিনীকে বিতারিত করে ১১নং সেক্টরের আওতায় থাকা নকলা অঞ্চলকে হানাদার মুক্ত করেন মুক্তিকামীরা। ওইদিন সকাল ১১ টায় নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার মানচিত্র খচিত বিজয়ের পতাকা উত্তোলন করা হয়। এসময় মিত্রবাহিনীর মেজর বানাজিৎ শিং ত্যাগী, ল্যাফটেনেন্ট কর্নেল আবু তাহের, কোম্পানী কমান্ডার আব্দুল হক চৌধুরী ও গিয়াস উদ্দিন, ইপিআর ওয়্যার্লেস অপারেটর ফরহাদ হোসেন, নকলা, নালিতাবাড়ী ও শেরপুরের প্ল¬াটুন কমান্ডার যথাক্রমে নূরুল ইসলাম হিরু, জমির উদ্দিন ও এবি সিদ্দিক, কোয়ার্টার মাষ্টার জুলহাস উদ্দিন ফকির এবং মুক্তিযুদ্ধের গোয়েন্দা বিভাগের আবুল হাশেম ও অন্যান্য মুক্তিযোদ্ধ সহ হাজারো মুক্তিকামী সাধারন জনগনের ঢল নামে।









