নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ বহু নাটকীয়তার পর শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে অবশেষে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক হুইপ প্রয়াত আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরীকে। ৮ ডিসেম্বর রবিবার রাতে ২ উপজেলার সকল পর্যায়ের নেতা-কর্মীদের তীব্র আন্দোলনের মুখে সদ্য পদত্যাগী নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপনকে পরিবর্তন করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সে প্রেক্ষিতে ৯ ডিসেম্বর রবিবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই মনোনয়নপত্র গুলশান কার্যালয়ে প্রার্থী ফাহিম চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়। একই সাথে প্রার্থী পরিবর্তনের কপি পাঠানো হয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও। বিএনপি’র দায়িত্বশীল সূত্র ওই তথ্য নিশ্চিত করেছে। এখন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী, ৪ বারের সংসদ সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সাথে নির্বাচনী মাঠে লড়বেন বিএনপি’র প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর শেরপুর-২ আসনে বিএনপি থেকে একেএম মুখলেছুর রহমান রিপন, ব্যারিস্টার মো. হায়দার আলী ও ফাহিম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর ৭ ডিসেম্বর একেএম মুখলেছুর রহমান রিপনকে চূড়ান্ত মনোনয়ন দিলে নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেন এবং রাতেই ঢাকায় গিয়ে অবস্থান নেন। এর আগে গত ৩০ নভেম্বর নকলা ও নালিতাবাড়ী বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রেসক্লাব নালিতাবাড়ী কার্যালয়ে ফাহিম চৌধুরীকে এককভাবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তারা ফাহিম চৌধুরী ব্যতীত অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে নির্বাচন বর্জন ও গণপদত্যাগের হুঁশিয়ারি দেন।









