শ্যামলবাংলা ডেস্ক : আসনবন্টন নিয়ে নানা নাটকীয়তার পর অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগ নিজেদের জন্য ২৫৮টি আসন রেখে জোট-মহাজোট শরিকদের জন্য ৪২টি আসন ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়া এসব আসনের বেশ কয়েকটি আবার ‘উন্মুক্ত’ রাখা হয়েছে। যেসব আসনে শরিক একাধিক দলের প্রার্থী রয়েছেন।
এর মধ্যে মহাজোটের দ্বিতীয় বৃহত্তম শরিক জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২৬ আসন। যদিও জাপার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ২৯টি আসনে মহাজোটের ছাড় পেয়েছে। এর ওপর জাপাকে ছেড়ে দেওয়া একটি আসন (বরিশাল-৩) ওয়ার্কার্স পার্টির সঙ্গে উন্মুক্ত রাখা হয়েছে। একইভাবে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া ওই আসনটিতে উন্মুক্তসহ ওয়ার্কার্স পার্টি পেয়েছে ৫টি আসন।
১৪ দলীয় জোটের অন্য চার শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-(জাসদ-ইনু) ৩, তরিকত ফেডারেশন ২, জাতীয় পার্টি (জেপি) ২ এবং বাংলাদেশ জাসদকে (আম্বিয়া) ১টি আসন দেওয়া হয়েছে। এছাড়া মহাজোটের নতুন শরিক বিকল্পধারা বাংলাদেশকে ৩টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মহাজোট শরিকদের মধ্যে আওয়ামী লীগ এবং ১৪ দলের চার শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও বাংলাদেশ জাসদ এবং বিকল্পধারার প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে লড়বেন। অন্যদিকে জাতীয় পার্টির (জেপি) দুই প্রার্থী দলীয় প্রতীক বাই সাইকেল প্রতীকে লড়বেন বলে জানানো হয়েছে। জাতীয় পার্টির প্রার্থীরা লড়বেন তাদের দলীয় প্রতীক লাঙল নিয়ে।
এর বাইরে অবশ্য অনেকগুলো আসনে উন্মুক্ত প্রার্থীও দিয়েছে শরিক দলগুলো। এর মধ্যে জাপা ১৩২ আসনে উন্মুক্ত প্রার্থী দিয়েছে যারা লাঙল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জাসদের ৪ জন উন্মুক্ত প্রার্থী লড়বেন দলীয় প্রতীক মশাল নিয়ে।
রবিবার নির্বাচন কমিশনে মহাজোটের চূড়ান্ত হওয়া প্রার্থী তালিকা জমা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পক্ষে দল, ১৪ দলের ছয় শরিক এবং বিকল্পধারার যৌথ প্রার্থী তালিকা নির্বাচন কমিশন ভবনে জমা দেন দলের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া। জাতীয় পার্টির পক্ষে দলীয় চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী নির্বাচন কমিশনে মহাজোটের ছাড় পাওয়া ও উন্মুক্ত আসনের দলীয় প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে জমা দেন। এছাড়া জাসদের পক্ষে দলের সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন নির্বাচন ভবনে গিয়ে তাদের প্রার্থী তালিকা আলাদাভাবে জমা দিয়েছেন।
এদিকে, জাতীয় পার্টি (জেপি) আগে দুইটি আসনে ছাড় পেলেও তাদের ছাড় পাওয়া কুড়িগ্রাম-৪ আসনটি রবিবার উন্মুক্ত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে আওয়ামী লীগ। এখানে জাতীয় পার্টির (জেপি) বর্তমান এমপি রুহুল আমিনের পাশাপাশি আওয়ামী লীগের জাকির হোসেনকেও নৌকার চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি।
নির্বাচন কমিশনে করা আপিলে টিকে যাওয়ায় জাকিরের নামও প্রার্থী হিসেবে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। এর আগে কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগ থেকে জাকির হোসেন মনোনয়নপত্র জমা দিলেও পূরণকৃত হলফনামার ফরম অসম্পূর্ণ থাকায় তার প্রার্থিতা বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর শনিবার শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।




















