শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উৎসবে আবুল কালাম আজাদ
শ্যামলবাংলা ডেস্ক ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যেই কাজ করছেন না, তিনি ২১০০ সালে বাংলাদেশ কোথায় যাবে সে লক্ষ্যও স্থির করেছেন। কাজেই বিশ্বে বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশে ২১০০ সালের পরিকল্পনাও স্থির করা। তিনি ১৭ নভেম্বর শনিবার সকালে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে ৬ মাসব্যাপী উৎসবের উদ্বোধনকালে ওই কথা বলেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ মূলমন্ত্রকে ধারণ করে সরকার বিদ্যুৎ উন্নয়নে রেকর্ড সৃষ্টি করেছে। ১০ বছর আগে যেখানে ৪৭ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পেতো, সেখানে এখন ৯২ ভাগ মানুষ সেই সুবিধা পাচ্ছে। ২০০৮ সালে যেখানে বিদ্যুৎ উৎপাদন ছিল ৮ হাজার ৩শ মেগাওয়াট, সেখানে বর্তমানে উৎপাদিত হচ্ছে ২০ হাজার মেগাওয়াট। শেরপুরে বিদ্যুতের সাব স্টেশন স্থাপিত হওয়ায় এখানকার মানুষের বৈদ্যুতিক ভোগান্তিও কমেছে। ব্রহ্মপুত্র নদীর তীরে ইকোনমিক জোন প্রতিষ্ঠার কাজ চলছে। সেখানে বিভিন্ন শিল্পকারখানা স্থাপিত হলে উৎপাদিত পণ্য সারাদেশে ছড়িয়ে দেয়া যাবে। ব্রহ্মপুত্রের দেওয়ানগঞ্জ মুখ থেকে শীতলক্ষ্মা পর্যন্ত ২২৭ কিলোমিটার নদীখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ময়মনসিংহ অঞ্চলের সব নদীগুলোই খনন করা হবে। সরকারের নানা উন্নয়ন কর্মকা-ে বেড়েছে মানুষের মাথাপিছু আয়, ২০০৬ সালে যা ছিল ৪৫০ ডলার, তা এখন ১ হাজার ৭শ ৫১ ডলারে উন্নীত হয়েছে। দেশের মানুষের গড় আয়ু আগে যা ছিল ৪৫ বছর, তা এখন ৭২ বছরে উন্নীত হয়েছে। আর মেয়েদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭৬ বছরে। ১০ বছর আগে থাকা দেশের বার্ষিক আয় ৬ লক্ষ ২৪ হাজার কোটি টাকা থেকে প্রায় ৪ গুণ বেড়ে ২৪ লক্ষ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। শিক্ষিত ও দক্ষ জাতি গঠনের জন্য সরকারের সদিচ্ছায় উপবৃত্তি, শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতাসহ শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই তুলে দেওয়া হচ্ছে নতুন বই। যোগাযোগ, কৃষি, খাদ্য ও তথ্য-প্রযুক্তিসহ উন্নয়নের যতগুলো ক্ষেত্র রয়েছে তার সকল ক্ষেত্রে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে সরকার।
তিনি বলেন, একটি পৌরসভাকে ভালোভাবে চলতে নিয়মিত খাজনা ও ট্যাক্স দিয়ে সহযোগিতা করতে হয়। শেরপুর পৌরসভা সেই সহযোগিতা পাচ্ছে বলেই একটি ভালো পর্যায়ে রয়েছে। শেরপুর সীমান্তে একটি বেসরকারি কোম্পানীর উদ্যোগে চা চাষকে উৎসাহিত করতে তিনি বলেন, এর মাধ্যমে জেলায় একটি নতুন অর্থনৈতিক কার্মকাণ্ড শুরু হয়েছে। তাদের কর্মকাণ্ডে সহযোগিতা দিতে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শেরপুরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও রেললাইনসহ ফোরলেন সড়ক যোগাযোগ দাবি পূরণ না হওয়ার বিষয়ে বিভিন্ন বক্তার বক্তব্যের জবাবে বলেন, শেরপুর হয়ে সীমান্ত পথে রেললাইন স্থাপনসহ ময়মনসিংহ-শেরপুর সড়ক ফোরলেনের আদলে ৩৬ ফুট প্রশস্তকরণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শেরপুরেও মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, উন্নয়ন কাজগুলো সবাই মিলেই করতে হয়। তবে তার পরিকল্পনা জনপ্রতিনিধিরাই করে থাকেন। তাই বড় ধরনের সমস্যাগুলো সমাধানে জনপ্রতিনিধিদেরকেই লেগে থাকতে হবে। তাদেরকেই গুছিয়ে দিতে হবে আর আমরা সরকারের কর্মচারী হিসেবে সেগুলো এগিয়ে নেব, দ্রুত ও ভালোভাবে শেষ করব। বৃহত্তর ময়মনসিংহের প্রতিটি জেলার অগ্রাধিকারভিত্তিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে শেরপুরের দু’জন সচিবকেও দেখভালের দায়িত্বে রাখা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, স্থানীয় সমস্যাগুলো সমাধানে সহকর্মীরা উদ্যোগ নিলে তার তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, নৌ-পরিবহন সচিব আব্দুস সামাদ, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) দিলদার আহমেদ, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) মোঃ মাহবুব হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, এলজিইডির ইউজিআইআইপি-৩’র প্রকল্প পরিচালক একেএম রেজাউল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান শহীদুল ইসলাম, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, শ্রীবরদী পৌর মেয়র আবু সাইদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, চেম্বার সভাপতি মোঃ মাছুদ, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান প্রমুখ। শেরপুরের মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রয়াত পৌর মেয়রদের স্মরণে শোকবার্তা পাঠ করেন প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল। অনুষ্ঠানে অতিথিদের হাতে শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তির সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শেরপুরের বিশিষ্ট নাগরিকগণসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।-রফিকুল ইসলাম আধার।
























