মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ আজ ১৩ অক্টোবর শনিবার, ২০১৮ ময়মনসিংহ বিভাগের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী। ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার দাবীতে দীর্ঘ প্রায় ২৬ বছর আন্দোলন সংগ্রামের পর অবশেষে জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর এই চারটি জেলা সমন্বয়ে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা করেন। ২০১৫ সনের ১৩ অক্টোবর বিভাগ গঠনের গেজেট প্রকাশিত হয়। বৃহত্তর ময়মনসিংহ সমন্বয়ে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার প্রস্তুতি ছিলো। কিন্তু শেষ মুহুর্তে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা ময়মনসিংহ বিভাগে অন্তর্ভূক্ত না হওয়ায় বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস ও ঐতিহ্যখন্ডিত রয়ে গেল। ভবিষ্যতে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাও ময়মনসিংহ বিভাগের সাথে অন্তর্ভূক্ত হবে বলে দৃঢ় আশা পোষন করেন ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের নেতৃত্বদানকারী সংগঠন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি বর্ষিয়ান আইনজীবী মোঃ আনিসুর রাহমান খান।
বিভাগের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহ্মুদ হাসান ১৩ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টায় এক শোভাযাত্রা ও অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করেছেন। একইদিন শনিবার বিকেল ৩টায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের পক্ষ থেকে পৌরসভা সম্মেলন কক্ষে অপর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উভয় অনুষ্ঠানে অতিথি ছাড়াও চার জেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।
দেশের অষ্টম বিভাগের কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত প্রায় ৩১টি বিভাগীয় দপ্তর চালু হয়েছে। তন্মধ্যে শিক্ষা বোর্ড চালু হয়েছে, সিটি কর্পোরেশন ও ব্রহ্মপূত্র নদ খনন এবং নতুন বিভাগীয় শহর বাস্তবায়নের পথে।
ময়মনসিংহ বিভাগের ইতিহাস ঐতিহ্য পুরুজ্জীবন ও সামাজিক সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ়তর করতে আরো সুনির্দিষ্ট দাবীগুলো পূরণ করার জন্য ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনসহ এই বিভাগীবাসী প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন। ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা হলেও ২৮টি বিভাগীয় দপ্তর এখনও স্থাপিত হয়নি এটি অত্যন্ত দুঃখজনক। ময়মনসিংহ বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রয়োজন। এছাড়াও ত্রিশালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের ইতিপূর্বে সরকারের নেয়া নীতিগত সিদ্ধান্তের বাস্তবায়ন। গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত এলিভেটেট এক্সপ্রেসওয়ে, দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীর তলদেশে রেল ও সড়ক পথসহ ট্যানেল নির্মাণ, ঢাকা থেকে ময়মনসিংহ-জামালপুর-তারাকান্দি হয়ে বঙ্গবন্ধু যমুনাসেতু পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেললাইন স্থাপন করে প্রতি ঘন্টায় যাত্রী বান্ধব ট্রেন চালু করতে হবে। বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর পর্যন্ত সংযোগ করে ট্রেনের কামরার সংখ্যা বৃদ্ধি করতে হবে। আরো দুটি নতুন ট্রেন চালু করতে হবে।
জেলা নাগরিক আন্দোলনের সভাপতি মোঃ আনিসুর রাহমান খান আরো জানান, ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার ৩ বছর অতিক্রান্ত হলেও ময়মনসিংহ বিভাগীয় শহর বাস্তবায়নের কোন অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিভাগের সকল জেলায় ইঞ্জিনিয়ারিং কলেজ ও টেক্সটাইল কলেজ প্রতিষ্ঠাসহ শেরপুর জেলায় মেডিকেল কলেজ, বিশ^বিদ্যালয় ও রেললাইন স্থাপনের দাবি করছি। ময়মনসিংহ বিভাগের সকল জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে আন্তঃজেলা সড়কসমূহ চার লেনে উন্নীতকরণ, ময়মনসিংহ বিভাগীয় শহরকে সিটি কর্পোরেশন দ্রুত বাস্তবায়ন। ময়মনসিংহ শহরের মাঝখান দিয়ে চলমান রেল লাইনটি স্থানানার করে বিভাগীয় শহরকে যানজট মুক্ত করা অতীব জরুরী বলে আশা করেন জেলা নাগরিক আন্দোলন।
ময়মনসিংহ বিভাগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে ময়মনসিংহ বিভাগীয় শহরে একটি শ্রম আদালত স্থাপন, হালুয়াঘাট-নালিতাবাড়ী-ধানুয়া-কামালপুরে ইমিগ্রেশনসহ পূর্ণাঙ্গ স্থলবন্দর প্রতিষ্ঠা সময়ের দাবি। ময়মনসিংহ বিভাগীয় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পতিতালয়টি মাদক ও বিভিন্ন অপরাধের এক আখড়ায় পরিণত হয়েছে। এটিকে উচ্ছেদ বা স্থানান্তর করতে হবে। ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলায় অর্থনৈতিক জোন স্থাপন, ব্রহ্মপুত্র নদের উপর আরও ৩টি সেতু নির্মাণ জরুরী। বিভাগীয় শহরসহ প্রত্যেক জেলা শহরে কর্মজীবী মহিলা হোস্টেল, আধুনিক শিশু পার্ক ও চিড়িয়াখানা স্থাপন করা জরুরী।
এই বিভাগের নদ-নদী, রাস্তাঘাট, হাট-বাজার, খাল-বিল, ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে হবে। সাব রেজিষ্ট্রি অফিস, ভূমি অফিস, পাসপোর্ট অফিসসহ অন্যান্য সরকারী কার্যালয়ে সীমাহীন দুর্নীতির কারণে সাধারণ জনগণ অতিষ্ঠ। এটি দমন করতে হবে। সরকারী, আধা-সরকারী ও শায়ত্ব শাষিত প্রতিষ্ঠানের সকল প্রকার নির্মাণ কাজ মানসম্মত দেখতে চাই। স্থগিতকৃত গ্যাস সরবরাহ অবিলম্বে চালু করতে হবে। বৃহত্তর ময়মনসিংহ জেলা এই উপ-মহাদেশের একটি বিখ্যাত জেলা। এই জেলা শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ। আমাদের ময়মনসিংহ শান্তি ও সম্প্রীতির অঞ্চল হিসেবেই সকলেই জানে। ইদানিংকালে এটি যেন সন্ত্রাসের নগরীতে রূপান্তরিত হয়ে যাচ্ছে যা, বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পাচ্ছে। এটি ময়মনসিংহবাসীর জন্য অমর্যাদা ও অসম্মানজনক। আমরা শান্তি ও সম্প্রীতির ময়মনসিংহকে সন্ত্রাসের থাবা থেকে রুখে দিতে সকলের কাছে সহযোগিতার আহ্বান জানাই।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান জানান, দেশের অষ্টম বিভাগের সার্বিক উন্নয়নে অন্যন্ত আন্তরিক। ইতিমধ্যেই ব্রহ্মপুত্র নদের অপর পাড়ে ময়মনসিংহ সদর উপজেলায় অবস্থিত ০৮ টি মৌজায় ৪,৩৬৬.৮৮ একর ভূমিতে একটি আধুনিক, পরিকল্পিত নতুন বিভাগীয় শহর ও বিভাগীয় সদর দপ্তর প্রতিষ্ঠার জন্য নগর উন্নয়ন অধিদপ্তর একটি ভূমি ব্যবহার মহাপরিকল্পনা প্রণয়ন করে। প্রধানমন্ত্রী ১৭ আগষ্ট ২০১৬ তারিখে ১৪টি নির্দেশনাসহ উক্ত ভূমি ব্যবহার মহাপরিকল্পনাটি অনুমোদন করেন। ব্রহ্মপুত্র নদের উপর তিনটি নান্দনিক সেতু দ্বারা নতুন শহরটি পুরাতন শহরের সঙ্গে সংযুক্ত থাকবে। নতুন শহরের রাস্তাগুলোর প্রশস্থতা হবে ১৫০ ফুট ও ১০০ ফুট। দাপ্তরিক, আবাসিক, বাণিজ্যিক, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধূলা, বিনোদন ইত্যাদি ব্লকগুলো থাকবে আলাদা আলাদা। সুপরিসর একটি প্রাকৃতিক লেকের পাড়ে থাকবে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বঙ্গবন্ধু নভোথিয়েটার, মিউজিয়াম, হোটেল-মোটেলসহ নান্দনিক অনেক স্থাপনা।
ময়মনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু জানান, ময়মনসিংহ বিভাগের মানুষের প্রতি জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তিনি চান একটি আধুনিক ও সুন্দর বিভাগীয় শহর গড়ে তুলতে। তাই দ্রুত সিটি কর্পোরেশন বাস্তবায়ন পরিকল্পিত শহর গড়ে তোলার পদক্ষেপ নেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, ব্রিটিশ সরকার ১৭৮৭ সালের ১ মে ময়মনসিংহ জেলা এবং ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠা করে। ঢাকা বিভাগ প্রতিষ্ঠার ১৮৬ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠা করেন।



















