ময়মনসিংহে ২৮টি বিভাগীয় অফিস ৩ বছরেও চালু হয়নি

খবর টি পড়েছেন : ২০১
ময়মনসিংহে ২৮টি বিভাগীয় অফিস ৩ বছরেও চালু হয়নি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বিভাগীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্টরা

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার তিন বছর পূর্ণ হবে আগামী ১৩ অক্টোবর। প্রায় তিন বছর অতিবাহিত হতে চললেও এখনো গুরুত্বপূর্ণ ২৮টি বিভাগীয় অফিস চালু হয়নি। সৃজন হয়নি এসব অফিসের বিভাগীয় কর্মকর্তার পদ। ঢাকা বিভাগের সঙ্গে ওইসব অফিসগুলো এখনো সংযুক্ত থাকায় চার জেলার মনিটরিং কার্যক্রম নেই বললেই চলে। ফলে সরকার প্রদত্ত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আর এসব অফিসের সেবা থেকে বঞ্চিত হচ্ছে সংশ্লিষ্ট মানুষগুলো। বিভাগের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহ্মুদ হাসান ১৩ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টায় এক শোভাযাত্রা ও অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করেছেন। একইদিন শনিবার বিকেল ৩টায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের পক্ষ থেকে পৌরসভা সম্মেলন কক্ষে অপর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উভয় অনুষ্ঠানে অতিথি ছাড়াও চার জেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সূত্রমতে, কিছু আঞ্চলিক অফিসসহ ৩০টি বিভাগীয় কর্মকর্তার অফিস ইতোমধ্যে চালু হয়েছে। চালু না হওয়া বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের পদায়নের ব্যাপারে বিভাগীয় কমিশনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ব শেখ হাসিনা সৃষ্ট ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে সব মন্ত্রণালয় ও অধিদপ্তরের অফিসগুলো অবিলম্বে চালু এবং কর্তাকর্তাদের পদ সৃজনসহ পদায়ন করার জন্য ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি বর্ষীয়ান আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান খান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক পদে আনোয়ার হোসেন নামে একজন উপ-পরিচালককে বদলীর আদেশ দেয়া হলেও তিনি এখনো যোগদান করেননি। জানা গেছে আনোয়ার হোসেন ময়মনসিংহে আসতে নারাজ। ফলে এই বিভাগের হাজার হাজার কর্মকর্তা-শিক্ষক-কর্মচারী এখনো ভূগান্তির শিকার হচ্ছেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অফিস সূত্রে জানা গেছে, অফিস চালু না হওয়া বিভাগীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ অফিস ও পদগুলো হলো : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)র অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জনস্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক, গণ-গ্রন্থাগারের বিভাগীয় কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পচিালক, গণযোগাযোগ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক, স্থাপত্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, নগর উন্নয়ন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, পাট অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, বিএসটিআই এর পরিচালক/উপ-পরিচালক, বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক, ভূমি সংস্কার কমিশনের বিভাগীয় কার্যালয়, বন অধিদপ্তরের বনসংরক্ষক, আবহাওয়া অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের আবহাওয়াবিদ, বাংলাদেশ ক্ষুদ্্র ও কুটিরশিল্প করপোরেশনের আঞ্চলিক পরিচালক, বিআরটিএ’র উপ-পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক, কারা অধিদপ্তরের ডিআইজি প্রিজন, শ্রম অধিদপ্তরের যুগ্ম পরিচালক, বিএসটিআই পরিচালক/উপ-পরিচালক, বিআরটিসি ডিপো’র ম্যানেজার অপারেশন এবং প্রতœতত্ত্ব অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ইত্যাদি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাজাপ্রাপ্তদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ ২৫ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য ভাসানচর প্রস্তুত :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads