স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। ২৯ আগস্ট বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওইসময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে সন্ত্রাস, মাদক ও অস্ত্রবিরোধী অভিযান চলবে। এ ধরনের অপরাধীরা যার পরিচয়ই বহন করুক না কেন, তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। এছাড়া জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিনে যেন কোন বিশেষ মহল অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কাবস্থাও আরোপ করা হবে। তিনি বলেন, ফেসবুক বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে কোন বিশেষ চক্র যেন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেদিকেও নজরদারি রাখা হয়েছে। প্রতিটি জেলায় খোলা হয়েছে বিশেষ সেল। তিনি শেরপুরে আইন-শৃঙ্খলার উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি সুন্দর রাখতে স্থানীয় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, সাংবাদিকদের সহযোগিতা পুলিশের কাজে বিরাট ভূমিকা রাখে। সমাজে মানুষের অনেক বড় উপকারেও আসেন সাংবাদিকরা। তাদের লেখনির মাধ্যমে বা পরিবেশিত খবরের তথ্য মোতাবেক পুলিশ পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নিতে পারে। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে কমিউনিটি পুলিশের তৎপরতা ও সক্রিয়তা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি বিশেষ অভিযানের নামে পুলিশ যেন ‘সামারি বিজনেস’ করতে না পারে সে বিষয়েও সাংবাদিকদের খেয়াল রাখার আহবান জানান । এছাড়া বিশেষ অভিযানে নামে ভিন্ন মতাদর্শের সাংবাদিকসহ নিরীহ মানুষ-ব্যবসায়ীরা যেন হয়রানীর শিকার না হন সে বিষয়েও খেয়াল রাখতে জেলা পুলিশের প্রতি আহবান জানান।
অন্যদিকে সাংবাদিক নেতারা নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের উদ্যোগে শেরপুরের যানজট পরিস্থিতির উন্নতি ও বৃক্ষরোপণ কর্মসূচীসহ নানা কার্যক্রমের প্রশংসা করে মাদকবিরোধী অভিযানকে আরও অর্থবহ করে তোলার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তারা পুলিশের সকল ইতিবাচক কর্মকা-ে গণমাধ্যম কর্মীদের তরফ থেকে সহযোগিতা অব্যাহত রাখারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম আধার, বিদায়ী সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, নবনির্বাচিত সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ ভট্টাচার্য, হাকিম বাবুল, আলমগীর হোসেন, রেদওয়ানুল হক আবীর, মহিউদ্দিন সোহেল, জিএইচ হান্নান প্রমুখ। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও রেজোয়ান দীপুু, সহকারী পুলিশ সুপার (রেঞ্জ অফিস) মাহমুদা শারমিন নেলি, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) নাসরিন আক্তারসহ ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।









