স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চাঁদনী আক্তার (২২) নামে এক ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ২৫ আগস্ট শনিবার শহরের গৌরীপুর এলাকার ভাড়া বাসায় গ্রীলে ফাসিতে ঝুলে সে আত্মহত্যার চেষ্টা চালালে হাসপাতালে ভর্তির পর রাতেই সে মারা যায়। চাদনি সদর উপজেলার ধলা কান্দা গ্রামের মৃত আব্দুল হামিদের একমাত্র কন্যা এবং শেরপুর সরকারি কলেজের সম্মান শ্রেণির শেষ বর্ষের শিক্ষার্থী। রবিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে চাদনীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা না অন্যকিছু তা নিয়েও চলছে নানা গুঞ্জন।
জানা যায়, চাদনী শেরপুর সরকারি কলেজে পড়াশোনার কারণে শহরের গৌরীপুর মহল্লার স্বপন কুমারের বাসায় ভাড়া থাকতো। শনিবার রাতে সে ভাড়া বাসায় গ্রীলে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। ওইসময় বাসার লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাদনী পরিবারের লোকজন দাবি করেছে, কিছুদিন আগে সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়। তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখে ভয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে ঘটনাটি প্রকৃতই আত্মহত্যা না অন্য কিছু তা নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের উপর নির্ভর করবে মামলার পরবর্তী অবস্থা।









