নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে গর্ভধারিনী মা ও সহোদর বোনকে অপমান এবং স্ত্রী-সন্তান ও শ্যালক-শ্যালিকার হাতে লাঞ্ছিত হওয়ার পর ছামিদুল ইসলাম ওরফে সানাউল্লাহ (৪৮) নামে এক ৪ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২৫ আগস্ট শনিবার রাতে পৌর শহরের চকপাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। রবিবার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মগেৃ প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, নালিতাবাড়ী ইউনিয়নের সংরক্ষিত সদস্য সবুরন নেছা তার ছেলে সানাউল্লাহকে ২৪-২৫ বছর আগে শহরের চকপাড়া মহল্লায় বিয়ে করান। বিয়ের পর পুত্রবধূ শ্বশুরবাড়িতে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তে থাকলে একপর্যায়ে ছেলে সানাউল্লাহ স্ত্রী সুলতানাকে নিয়ে শ্বশুরালয়ে চলে আসেন। এখানে জায়গা-জমি কিনে বসতবাড়ি করে বসবাস শুরু করেন। বর্তমানে তাদের সংসারে ২ ছেলে ও ২ কন্যা রয়েছে। এর মধ্যে সম্পা নামে এক মেয়েকে শুক্রবার বিয়ে দেন সানাউল্লাহ। তাই ইউপি সদস্য সবুরন নেছা কন্যা রহিমাকে সাথে নিয়ে নাতির বিয়েতে আসেন। কিন্তু তাদের আপ্যায়নে শৈথিল্য অনুভব করে ছেলে সানাউল্লাহ স্ত্রী সুলতানাকে বকাঝকা করেন। ওইসময় সানাউল্লাহ’র স্ত্রী সুলতানা ও শ্যালিকা হেলেনার মা-বোনকে অপমানজনক করায় তারা বাড়িতে চলে যান। এদিকে এ নিয়ে সন্ধ্যায় পারিবারিক কলহ বাধে এবং স্ত্রী সুলতানা, ছেলে সোহেল, শ্যালক মানিক ও শ্যালিকা হেলেনা সানাউল্লাহকে মারধর করে। পরদিন শনিবার বাড়ির অধিকাংশ লোক বরের বাড়িতে চলে যায়। সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় সানাউল্লাহর লাশ দেখতে পায় বাড়ির লোকজন।
সানাউল্লাহর মা ইউপি সদস্য সবুরন নেছা জানান, আমার ছেলেকে হত্যা করে তারা ঘরে ঝুলিয়ে রেখেছে। পরে ছেলের বউ ও নাতি আমাকে ফোন করে বলে যে, ‘তোর ছেলে মইরা গেছে, লাশ নিয়া যা’। আমি এ জন্য মামলা করব।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।









