শ্যামলবাংলা ডেস্ক : কোরবানির পশুর হাটে নগদ লেনদেনকে কেন্দ্র করে নোট জালকারবারিদের ঠেকাতে কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও রাজধানীর ২২টিসহ দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও থানা পর্যায়ে পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিন নিয়ে বসবে ব্যাংক। ওইসব বুথ থেকে ঈদের আগের দিন রাত পর্যন্ত বিনামূল্যে নোট শনাক্ত করতে পারবেন সংশ্নিষ্টরা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কোন ব্যাংককে কোন হাটে বুথ স্থাপন করতে হবে তা বলে দেওয়া হয়েছে। আর ঢাকার বাইরের যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্নিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা বা থানার অনুমোদিত পশুর হাটগুলোতে ওই অফিস ব্যাংকের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেবে। যেখানে বাংলাদেশ ব্যাংকের অফিস নেই, সেখানে সোনালী ব্যাংকের চেস্ট শাখা দায়িত্ব বণ্টনের কাজ করবে।
ঢাকার পশুর হাটগুলোতে বুথ স্থাপনের লক্ষ্যে প্রতিটি ব্যাংক থেকে একজন করে উপযুক্ত কর্মকর্তার নাম, পদবি ও ঠিকানা পাঠাতে বলা হয়েছে, যিনি সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন। সার্কুলারে বলা হয়েছে, বুথে জাল নোট শনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দ্বারা বিনামূল্যে সেবা দিতে হবে। সার্বিক নিরাপত্তার জন্য দায়িত্ব পালনকারী পুলিশ, র্যাব ও আনসারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। জাল নোট ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ব্যাংকের নামসহ ‘জাল নোট শনাক্তকরণ বুথ’ লিখে ব্যানার টানাতে হবে।
সার্কুলারে প্রতিটি ব্যাংক শাখার ভেতরে প্রদর্শিত টিভি মনিটরে আসল নোট চেনার বৈশিষ্ট্য সংবলিত তথ্য নিয়ে তৈরি করা ভিডিও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগের শেষ ৩ কর্মদিবসে লেনদেন চলার পূর্ণ সময়ে এ ভিডিও প্রদর্শন করতে হবে। দায়িত্ব পালনকারী সব কর্মকর্তাকে ব্যাংকের প্রযোজ্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক সুবিধা দিতেও বলা হয়েছে।



















