শ্যামলবাংলা ডেস্ক : ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশগুলোতে সপ্তাহান্তে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। ২৬ জুন মঙ্গলবার দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রশমন ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি ওইকথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

ওই খবরে বলা হয়, হা গিয়াং প্রদেশে আকস্মিক বন্যায় বাড়ি ধসে ৩ জন মারা গেছে। আকস্মিক বন্যা,ভূমিধ্বস বা বাড়ি ধসে পড়ে লাই চাউ প্রদেশে অপর ১২ জন মারা গেছে। মঙ্গলবার সকাল নাগাদ ১১জন নিখোঁজ রয়েছে। এরমধ্যে সিন হো জেলায় ৭ জন এবং বাকীরা লাই চাউয়ে নিখোঁজ রয়েছে।
বন্যা ও ভূমিধ্বসে লাই চাউয়ে ৭ জন আহত, ৮৩টি বাড়িঘর ধ্বংস ও আরও ১ হাজার ৪৭০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এতে ১২শ’ হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে । ৯৭টি গবাদি পশু ও ৫ হাজার ৪শটি হাস মুরগি মারা গেছে।
বন্যার পানির তোড়ে সেতু ভেসে যাওয়ায় অনেক আঞ্চলিক, প্রাদেশিক ও জাতীয় মহাসড়কে যানজট দেখা দিয়েছে।

কমিটি জানায়, সপ্তাহান্ত থেকে উত্তরাঞ্চলের ৭টি প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে প্রায় ৬২ লাখ মার্কিন ডলার সমপরিমাণ ক্ষতি হয়েছে। বাসস।


























