ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দেড় শতাধিক দোকান পুড়ে গেছে। ৭ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে লাগা ওই আগুনে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উদ্ধারকারী দল ধারণা করছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদর, ঈশ্বরগঞ্জ, ত্রিশাল, মুক্তাগাছা, ফুলপুরসহ আশপাশের উপজেলার ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুনের ভয়াবহতা কমিয়ে আনতে সক্ষম হয়। তবে সাড়ে ১১ টা পর্যন্ত মার্কেট থেকে ধোয়া বের হতে দেখা গেছে।
হকার্স মার্কেটের দোকানিদের সাথে কথা বলে জানা যায়, ঈদ উপলক্ষে বুধবার মধ্য রাত পর্যন্ত দোকান খোলা ছিল। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে হকার্স মাকের্টে অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু আগুনের ভয়াবহতার কারণে তারা ভিতরে প্রবেশ করতে পারেনি।
তবে আশপাশের কয়েকজন ব্যবসায়ী তাদের কিছু পণ্য সামগ্রী বের করতে পারলেও তা কাদা-পানি ও ময়লায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দোকানে জুতা, গার্মেন্টেসের কাপড়, প্রসাধনী সামগ্রী বেশি।
মার্কেটের জুতা ব্যবসায়ী মো. আরমান জানান, ঈদকে সামনে রেখে জুতার মজুত করা হয়েছিল। এ মার্কেটে ঈদ উপলক্ষে নিম্ন আয়ের লোকজন বেশি কেনা-কাটা করেন। এ আয় থেকেই তাদের সংসার চলে। অনেক ব্যবসায়ী ঈদ সামনে রেখে ধারকর্জ করে দোকানে মালামাল তুলেছেন। আগুনে তাদের সব মালামাল পুড়ে গেছে।
হকার্স মার্কেট দোকার মালিক সমিতির সভাপতি আব্দুল হক জানান, সৈয়দ নেসার হোসেন রিজভী ওয়াকফ এস্টেডের জায়গায় ১৩৮টি দোকান নিয়ে হকার্স মার্কেট গড়ে তোলা হয় বর্তমানে এর আশেপাশে আরও দোকান নির্মাণ করা হয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহিদুর রহমান জানান, মার্কেটের কোন দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এদিকে আইন-শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগুনের খবর শুনে আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় করেছে। মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে বলে অতিরিক্ত পুলিশ সুপার আল আমীন জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর শুনে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। ওইসময় তিনি বলেন, হকার্স মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নিরূপনের পর ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আগামী দুই দিনের মধ্যে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণ পাওয়ার ব্যবস্থা করবেন বলে তিনি জানান। এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















