ময়মনসিংহ প্রতিনিধি ॥ তুচ্ছ ঘটনার জেরে ময়মনসিংহ শহরের নওমহল মসজিদের সামনে প্রকাশ্যে দিবালোকে মাদকাসক্ত যুবক নিটুলের ছুরিকাঘাতে এসিআই ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মোফাজ্জ্বল হোসেন (৪৫) খুন হয়েছে। তার বাড়ি রাজশাহীর মোহনপুরে। খবর পেয়ে কোতুয়ালী পুলিশের এস.আই বিজন ও কনস্টেবল আবুল হোসেন ঘটনাস্থলের কাছে পৌঁছলে মাদকাসক্ত নিটুল (৩০) পুলিশের মোটরসাইকেল থামিয়ে পিছন থেকে আবুল হোসেনকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়। এখবর ছড়িয়ে পড়লে ডিবি পুলিশ ও কোতোয়ালী পুলিশের একাধিক দল পুরো এলাকা ঘেরাও করে রাখে। একপর্যায়ে নিটুল পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় সে। নিহত মাদকাসক্ত নিটুলের বাড়ি শহরের আকুয়া বাঁশবাড়ি কলোনীতে। তার অত্যাচারে অতিষ্ট ছিলো আশপাশের এলাকার সাধারণ মানুষ। পুলিশের গুলিতে মাদকাসক্ত নিটুলের মৃত্যুর খবরে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শহরের বাঁশবাড়ি কলোনী এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের মাদকাসক্ত পুত্র নিটলের নানা অত্যাচারে নওমহল ও বাঁশবাড়ি এলাকার মানুষ অতিষ্ট ছিলো। মাদকের টাকা চাওয়া নিয়ে নওমহল এলাকার ভাড়াটিয়া এসিআই ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মোফাজ্জ্বল হোসেনের সাথে বাকবিতন্ডা হয় বুধবার। এনিয়ে শালিস দরবারও হয়।
এরই জেরে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নওমহল মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা এসিআই ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মোফাজ্জ্বল হোসেনকে প্রকাশ্যে দিবালোকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে কোতুয়ালী পুলিশের এসআই বিজন ও কনস্টেবল আবুল হোসেন ঘটনাস্থলে পৌঁছলে মাদকাসক্ত নিটুল পিছন থেকে মোটর সাইকেল আরোহী পুলিশ কনস্টেবল আবুল হোসেনকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়। এখবর ছড়িয়ে পড়লে ডিবি পুলিশ ও কোতোয়ালী পুলিশের একাধিক দল পুরো এলাকা ঘেরাও করে রাখে। একপর্যায়ে নিটুল পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় সে।



















