শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সাম্প্রতিক ভারত সফরের মধ্যদিয়ে দু’দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। তিনি ৩০ মে বুধবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই কথা বলেন।
ওইসময় তিনি বলেন, শান্তিনিকেতনে স্থাপিত বাংলাদেশ ভবন উভয় দেশের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক বন্ধনকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত বৈঠক হয়েছে। ওই সময় উভয়ে দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, অভিন্ন নদীর পানি বণ্টনসহ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গেও তাঁর বৈঠকের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ওই সফরের মূল উদ্দেশ্য ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে স্থাপিত বাংলাদেশ ভবন উদ্বোধন। একইসঙ্গে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান আসানসোলে অবস্থিত ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়’ জাতীয় কবির ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সমাবর্তনে তাঁকে ডি.লিট ডিগ্রি প্রদান করে। প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে সেখানে উপস্থিত হয়ে সম্মাননা গ্রহণ করেন।
শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ২৫ ও ২৬-এ মে পশ্চিমবঙ্গ সফর করেন। সফরসঙ্গী হিসেবে তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্যসহ বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঙ্গে ছিলেন।
শেখ হাসিনা বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকার এবং জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, দু’দেশের মধ্যকার সম্পর্ক বর্তমানে ‘সোনালী অধ্যায়’ অতিক্রম করছে। তিনি রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনেতিক উন্নয়নের লক্ষ্যে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। এই ভবন উভয় দেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী মোদী বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের জন্য বাংলাদেশের জনগণকে সাধুবাদ জানান। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে মহাকাশ প্রযুক্তির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নত দেশ হিসেবে পরিণত হওয়ার আকাক্সক্ষায় ভারত অংশীদার হিসেবে পাশে থাকবে এবং সব ধরণের সহযোগিতা করবে।
প্রধানমন্ত্রী এ সময় শান্তি নিকেতনের বাংলাদেশ ভবনে তাঁর প্রদত্ত ভাষণের উল্লেখ করে বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন স্থাপনের সুযোগ প্রদানের জন্য আমি ভারত সরকার, সে দেশের জনগণ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ১৯৯৯ সালে বিশ্বভারতী কতৃর্ক তাঁকে সর্বোচ্চ সম্মাননা ‘দেশিকোত্তম’ প্রদানের কথা উল্লেখ করেন।
তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণের অপরিসীম আত্মত্যাগের বিষয়টি স্মরণ করেন এবং মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্যও ভারত সরকারের অধিকতর সহযোগিতা কামনা করেন।
শেখ হাসিনা বলেন, ‘এর আগে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একান্ত বৈঠক হয়। এ সময় আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, অভিন্ন নদীর পানি বণ্টনসহ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করি।’
শান্তিনিকেতন থেকে ফিরে বিকেলে প্রধানমন্ত্রী কবিগুরুর স্মৃতিধন্য জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পরিদর্শন করেন। ওইদিন সন্ধ্যায় পশ্চিমবঙ্গের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি বাংলাদেশের ব্যবসা-বান্ধব পরিবেশের চিত্র তুলে তাঁদেরকে বাংলাদেশে অধিকতর বিনিয়োগের আহ্বান জানান। সন্ধ্যায় রাজভবনে পশ্চিমবঙ্গের গভর্নর কেশরীনাথ ত্রিপাঠী আয়োজিত নৈশভোজে যোগদান করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বিদ্রোহী কবি কাজী নজরুলের আসানসোল সফরের উল্লেখ করে বলেন, ২৬-এ মে পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি গ্রহণ করেন এবং সমগ্র বাঙালি জাতির উদ্দেশ্যে এটি উৎসর্গ করেন।
প্রধানমন্ত্রী বলেন, কবি নজরুল প্রবন্ধ, কবিতা, গান, উচ্চাঙ্গ সঙ্গীত ইত্যাদির পাশাপাশি হামদ/নাত এবং শ্যামা সঙ্গীত/বৈষ্ণব কীর্তন রচনা করেছিলেন। নজরুলের জন্ম পশ্চিমবঙ্গে হলেও, তাঁর জীবনের অনেকটা সময় কেটেছে বাংলাদেশে। জীবনের বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশের ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, ফরিদপুরসহ নানা জায়গায় অবস্থান করেছেন। কাজেই উভয় বাংলার সংস্কৃতিতে নজরুলের প্রভাব প্রবলভাবে বিদ্যমান।
প্রধানমন্ত্রী এ সময় নজরুলকে জাতির পিতার স্বাধীন দেশে নিয়ে আসাসহ নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা প্রদানের উদ্যোগ তুলে ধরেন।
বাংলাদেশের রনসঙ্গীত ‘চল চল চল-যেমন কবির লেখা তেমনি আমাদের অমিত প্রেরণার উৎস জয়বাংলা শ্লোগানটি পর্যন্ত নজরুলের কবিতর পংক্তিমালা উৎসারিত বলেন, প্রধানমন্ত্রী।
সেই রাতেই ভারতে তাঁর দু’দিনের সরকাররি সফর শেষে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।




















