শ্যামলবাংলা ডেস্ক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নড়াইল থেকে নির্বাচন করবে মাশরাফি। সে ভালো মানুষ। তাকে ভোট দিয়েন। তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলব না। আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন। তিনি ২৯ মে মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ওইসব কথা বলেন।
ওইসময় তিনি বলেন, সাকিবেরও বয়স হয়েছে। সেও নির্বাচন করতে পারে। সে করলে আপনারা দু’জনকেই সহায়তা করবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। মাশরাফি বিপিএলে আমার দলের (বিপিএলে) ক্যাপ্টেন ছিল। সবকিছুতে ওর নিজের একটা মতামত থাকে এবং ও সেটা থেকে বের হয় না, নিজের মধ্যেই থাকে। এটা ভালো গুণ। মাশরাফি প্রথমবার আমাকে চ্যাম্পিয়ন করল, পরেরবার একেবারে শেষের দিক থেকে প্রথম। তবে যাই হোক, ওটা ওর দোষ ছিল না। হি ওয়াজ মিস গাইডেড।
কোন দল থেকে এবং কোন আসন থেকে মাশরাফি নির্বাচন করবে? সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি সব জানি। কিন্তু এখন বলব না। রোজার দিন, তাই মিথ্যা বলতে পারব না। এ বিষয়ে এখন আর কিছুই বলব না।
সভায় ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা শহর পর্যন্ত রেলপথ নির্মাণের একটি প্রকল্প পাস হয়।



















