শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি দলের সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। পিঁয়াজ, রসুন, চিনি, কাঁচা মরিচ, বেগুন, আলু, হলুদ, আদা, টমেটো, শসাসহ রমজান মাসে মানুষের অতি প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করে বলেন, চিনির মূল্য নিয়ন্ত্রণে না নিতে পারে এখন চিনির কল বন্ধ করে দিতে চাচ্ছেন অর্থমন্ত্রী। জিনিসপত্রের মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রমজানকে কেন্দ্র করে অতিরিক্ত মুনাফার জন্য অসৎ ব্যবসায়ীদেরই এটি কারসাজি। সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা এসব ব্যাপারে নির্বাকার।
রিজভী বলেন, ভোটারবিহীন সরকারের দুঃশাসনের কবলে পড়ে মানুষ এমনিতে খেয়ে না খেয়ে নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। সারা বছর ধরেই চালে বাজারের আগুন নিভাতেতো সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
খুলনায় বিএনপি নেতা-কর্মী ও ভোটারদের জন্য অঘোষিত কারফিউ চলছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ফাঁকা মাঠে উৎসব চলছে। শিল্প এলাকায় দা-রাম দা নিয়ে বাড়ি বাড়ি হামলা চালাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে না পারে সেজন্যই এসব করা হচ্ছে। খুলনায় যা হচ্ছে তা হলো-একনায়কতন্ত্রী শাসনব্যবস্থার প্রত্যক্ষ প্রতিফলন।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ প্রচার সম্পাদক আাসাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।




















