নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’- এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় প্রথমবারের মতো ৩ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে স্বাধীনতা পুরষ্কার ও একুশে পুরষ্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার নকলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত ওই বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে নকলা উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার। অনুষ্ঠানে ইউএনও রাজীব কুমার সরকার লিখিত রম্যরচনা ‘কবি সব করে রব’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে অধ্যাপক যতীন সরকারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মেলা প্রাঙ্গণে স্থাপিত মঞ্চে পরে উদীচী শেরপুর জেলা সংসদ ‘মরা’ নাটক মঞ্চস্থ করে।
মেলায় ১২টি বইয়ের স্টল স্থাপন করা হয়েছে। বইমেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা, ক্যুইজ প্রতিযোগিতা, কবিতা পাঠ, নৃত্য-সংগীত, নাটক আয়োজনের মাধ্যমে ওই উদ্যোগকে বর্ণিল করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি রাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বইমেলার পর্দা নামবে। উদ্বোধনের পর থেকেই মেলায় স্টলগুলোতে বইপ্রেমী বিভিন্ন শ্রেনী-পেশার নানা বয়সী মানুষের ভীড় দেখা যায়।









