স্টাফ রিপোর্টার ॥ ‘শেরপুরের মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ওই মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সরকারদলীয় হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বইটির প্রধান সম্পাদক এ এ জাফর ইকবালসহ অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, দেরিতে হলেও শেরপুরের মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ প্রকৃত ইতিহাস রচিত হওয়ায় আমি একজন কনিষ্ঠ মুক্তিযোদ্ধা হিসেবে ভীষণ আনন্দিত। বইটি শুধু বর্তমান প্রজন্ম নয়, আগামী প্রজন্মের জন্য নির্দেশিকা হিসেবে পথ প্রদর্শন করবে স্বাধীনতাপ্রিয় বাংলাদেশের মানুষ বিশেষ করে শেরপুরের মানুষের জন্য।
স্বাগত বক্তব্যে ‘শেরপুরের মুক্তিযুদ্ধ’ বইয়ের প্রধান সম্পাদক ও সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এ এ জাফর ইকবাল বলেন, বইয়ের কাজ শেষ করতে ১৮ মাস লেগেছে। ঢাকার ৭ জন সাংবাদিকসহ মোট ১২ জন সাংবাদিক আমাদের তথ্য ও ছবি দিয়ে সহযোগিতা করেছেন। তিনি বলেন, আমরা রচনা করেছি মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধার নয়। চেষ্টা করেছি আবেগ পরিহার করে সঠিক তথ্য তুলে ধরার। বাংলাদেশ সেনাবাহিনীসহ ব্যক্তি পর্যায়ে বিভিন্ন সময়ে স্মৃতিচারণের মত শেরপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছেন। এর কোনটাতেই পরিপূর্ণতা নেই। এ গ্রন্থের মাধ্যমে শেরপুরের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পরবর্তী প্রজন্ম জানতে পারবে বলে জানান এ মুক্তিযোদ্ধা।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেসুর রহমান আকন্দের সভাপতিত্বে ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
শেরপুরের শহীদ যোদ্ধাদের প্রতি উৎসর্গ করা মুক্তিযুদ্ধের ভাস্কর্য খচিত প্রচ্ছদ ও ৩৪৯ পৃষ্ঠার ওই বইটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ঘোষণা ও যুদ্ধের প্রথম প্রহর, শেরপুরের নামকরণ, গণআন্দোলন ও বিদ্রোহের ইতিহাস, যুদ্ধ প্রস্তুতিকালীন সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও ছাত্র সংগ্রাম পরিষদ, শেরপুরের যুদ্ধে বিএসএফ, গণহত্যা, সোহাগপুরের বিধবাপল্লী, শহীদদের তালিকা এবং যুদ্ধের নেপথ্য নায়কদের ইতিহাস তুলে ধরা হয়েছে।









