শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতের নির্দেশনা অনুযায়ী ডিভিশন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) সৈয়দ ইফতেখার উদ্দীন। ১১ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় খালেদার আইনজীবী সানাউল্লাহ আদালতের জারিকারক আনিসকে সঙ্গে নিয়ে কারা কর্তৃপক্ষর কাছে আদালতের ওই আদেশ পৌঁছে দেন। এ সময় সানাউল্লার সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, জিয়া উদ্দিন জিয়া ও এম হেলাল উদ্দিন হেলাল।
কারাগারে তাকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে বলে বিএনপির অভিযোগের পর খালেদা জিয়াকে জেলকোড অনুসারে ডিভিশন দিতে নির্দেশ দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত।
এর আগে আজ সকালে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জাকির হোসেন ভুঁইয়া ও অ্যাডভোকেট আমিনুল ইসলামের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার পর ওই আদেশ দেন আদালতক্ষ।
উল্লেখ্য, দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এই মামলায় অন্য আসামি খালেদার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।




















