স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি মোঃ হযরত আলীসহ যুবদল-ছাত্রদলের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ ফেব্রুয়ারি সোমবার তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার প্রস্তুতি গ্রহণের অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে নাশকতার আশঙ্কায় সোমবার ভোর থেকে শেরপুর জেলা শহরে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। বিকেলে শহরের মধ্যশেরী মহল্লার বাসা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীকে গ্রেফতার করা হয়। এছাড়া ভোরে শহরের সজবরখিলা ও গৃর্দ্দানারায়ণপুর এলাকা থেকে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিঠু মিয়া ছাত্রদল কর্মী অমিত পাল, জয় চক্রবর্তী ও সাইফুল আলম সানীকে গ্রেফতার করে পুলিশ। তবে বিএনপির সাথে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে সভাপতি পদে প্রার্থী বাছাইয়ের জন্য দলীয় আইনজীবী নেতাদের নিয়ে মতবিনিময়কালে বিএনপি নেতা মোঃ হযরত আলীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, বিএনপি নেত্রীর মামলায় রায় ঘোষণাকে ঘিরে নিজের বাসায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনা-প্রস্তুতি গ্রহণের অভিযোগে হযরত আলীসহ অন্যদের গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









