স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে এবং আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক পদে প্রার্থী পরিবর্তন হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে আইনজীবী সমিতির ২নং বার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সভায় সভাপতি পদে মনোনীত সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ব্যক্তিগত ঝামেলার কারণে প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর কারণে ওই পদে সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ তৌহিদুর রহমান তৌহিদকে মনোনীত করা হয়। ফোরামের সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামানসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে ৪ ফেব্রুয়ারি রবিবার বিকেলে একই মিলনায়তনে অনুষ্ঠিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এক সভায় সাধারণ সম্পাদক পদে মনোনীত সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর কারণে ওই পদে সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানীকে মনোনীত করা হয়। এছাড়া একই সভায় সমন্বয় পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে দু’দফায় নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, সহ-সভাপতি পদে সাবেক সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সাধারণ সম্পাদক পদে এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট ইসমাইল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নুর উদ্দিন আহমেদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম, অডিটর পদে এডভোকেট অরুণ কুমার সিংহ, নির্বাহী সদস্য পদে এডভোকেট নরেশ চন্দ্র দে, এডভোকেট সমীর উদ্দিন নিউটন, এডভোকেট রেদওয়ানুল হক আবীর ও এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নেতা এডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও এডভোকেট আবুল মানসুর স্বপন, এডভোকেট মজিবুর রহমান, সভাপতি প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ। ওইসময় সমন্বয় পরিষদের নেতা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, এডভোকেট মোঃ শফিকুর রহমান মিজান, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট মিহির কুমার সাহা, এডভোকেট মোঃ সুরুজ্জামানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে ২৫ জানুয়ারি রাতে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে এডভোকেট রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মমতাজ উদ্দিন মুন্নার নাম ঘোষণা করা হয়। অন্যদিকে ৩০ জানুয়ারি বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীবের নাম ঘোষণা করা হয়।









