নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কুকুরের মুখ থেকে একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। পা’টি গত ২৬ জানুয়ারি উদ্ধার করা রোকসানা বেগমের (২২) খণ্ড-বিখণ্ড লাশের বলে ধারণা করছে পুলিশ। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে সেটি পাওয়া যায়। নিহত রোকসানা ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পূর্বপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। তার একটি সন্তান রয়েছে। গত ২৬ জানুয়ারি উপজেলার একটি ধানক্ষেতে পুঁতে রাখা অবস্থায় রোকসানার খ-িত মস্তক ও শরীর উদ্ধার করা হয়। তবে সে সময় লাশের হাত ও পা খুজে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজনে সঙ্গে কথা বলে জানা যায়, পা’টি একটি কুকুর মুখে নিয়ে ঘুরছিল। পরে এলাকাবাসী ধাওয়া দিলে কুকুরটি পা ফেলে চলে যায়। পুলিশ খবর পেয়ে সেটি উদ্ধার করে। শুক্রবার পা’টি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান বলেন, লাশের একটি পা উদ্ধার হয়েছে। এটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এতে আরও নতুন তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের আবদুল খালেকের ছেলে মো. মাসুদ রোকসানাকে কাজ দেওয়ার কথা বলে নালিতাবাড়ীতে নিজ বাড়িতে নিয়ে যান। এরপর গত ১৭ জানুয়ারি থেকে রোকসানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করেই ২৬ জানুয়ারি সকালে সুরত খাল সংলগ্ন একটি জমিতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলকে জানায়। চেয়ারম্যান ফারুক বিষয়টি নালিতাবাড়ী থানা পুলিশকে জানান। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো লাশের সন্ধান পায়নি। পরে এলাকাবাসী সুরত খালের পানি সেচে রাতভর লাশের সন্ধান করতে থাকে। অবশেষে স্থানীয় একটি জমিতে বোরো ধান রোপণ করা দেখে তাদের সন্দেহ হয়। সেখানে তল্লাশি চালানোর পর জমির এক জায়গায় পুঁতে রাখা অবস্থায় খণ্ডিত মাথা ও আরেক জায়গায় শরীরের কিছু অংশ পাওয়া যায়। তবে লাশের হাত ও পা পাওয়া যায়নি। খবর পেয়ে রোকসানার মা লাশের শরীরে পরিহিত পোশাক দেখে মেয়ের মৃতদেহ শনাক্ত করেন।









