ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ২৮ জানুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে ১৫টি পদে প্রার্থীরা অংশ নিচ্ছেন। আগামী ২৮ জানুয়ারি শহীদ অ্যাডভোকেট আমিনুল হক ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের জেলা বারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে বলে আইনজীবী ভোটাররা জানিয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন খান ও অ্যাডভোকেট সৌম্যেন্দ্র কিশোর চৌধুরী। আর বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু। সাধারণ সম্পাদক পদে ভোটে লড়ছেন বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মীর মিজানুর রহমান।
এ নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্যানেলকে জয়ী করতে প্রচারণায় নেমেছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার দিনভর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, অ্যাডভোকেট কবির উদ্দিন ভূইয়া, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অ্যাডভোকেট ফজলুল হক, অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকারসহ অন্যান্য আইনজীবী এবং দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির গত নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছিলো। অল্প ভোটের ব্যবধানে আওয়ামীপন্থী সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদ্বয় পরাজিত হলেও প্যানেলের অন্যান্য ১০টি পদে জয়লাভ করেন।




















