স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ২৩ জানুয়ারি মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ওই কর্মশালায় শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি ও পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গণি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিএফআরআই’র বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্যার সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা সাইদুর রসিদ প্রমুখ।
কর্মশালায় বিএফআরআই উদ্ভাবিত বন ব্যবস্থাপনা ও বনজ সম্পদ বিষয়ক ৫০টি প্রযুক্তির মধ্যে ২৫টি প্রযুক্তি উপস্থাপন করেন বিভাগীয় কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসাইন এবং জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা আনিসুর রহমান। কর্মশালা সঞ্চালনা করেন বিএফআরআই’র পাবলিসিটি অফিসার মো. জহিরুল আলম।
কর্মশালায় প্রধান অতিথি ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, জীব বৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে স্থানীয় জাতের বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের প্রয়োজনীয়তা এবং সংরক্ষণের ব্যাপারে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।
কর্মশালায় উপস্থাপিত প্রযুক্তিসমূহের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রযুক্তিগুলি হল কঞ্চি কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশের ঝাড় ব্যবস্থাপনা, টিস্যু কালচার, সহজ পদ্ধতিতে কাঠ সনাক্তকরণ, উপকূলীয় বনায়ন, তালের চারা উত্তোলনের সহজ পদ্ধতি, কাঠ, বাঁশ ও ছনের আয়ুষ্কাল বৃদ্ধির উপায়, সৌর চুল্লির মাধ্যমে কাঠ সিজন করা, বাঁশের যোজিত পণ্য উৎপাদন কৌশল।
কর্মশালায় বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তরসহ শেরপুর জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম ও উন্নয়ন কর্মী, কাঠ ব্যবসায়ী, নার্সারী, করাতকল, ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দসহ ৭০ জন প্রতিনিধি অংশ নেন।









