শ্যামলবাংলা ডেস্ক : রংপুর সিটি করপোরেশনের (রসিক) নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান।
২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা লাঙ্গল প্রতীক নিয়ে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তিনি পেয়েছিলেন ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু নৌকা প্রতীক নিয়ে ৬২ হাজার ৪০০ ভোট পান। তিনি রংপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। এ ছাড়া বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছিলেন ৩৫ হাজার ১৩৬ ভোট।
মেয়রের শপথের পর রংপুর সিটির ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ১১ কাউন্সিলরের শপথ গ্রহণ করেন।



















