
শ্যামলবাংলা ডেস্ক : আগামী ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১৭ জানুয়ারী বুধবার একটি রুলের নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ ওই রায় দেন। রায়ে ওই নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তার দরকার হলে সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নিতেও আদেশ দেওয়া হয়।
২০১২ সালের ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও ট্রেজারারকে ডাকসু নির্বাচনে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। কর্তৃপক্ষ ওই নোটিশের জবাব না দেওয়ায় ওই বছরই ২৫ শিক্ষার্থীর পক্ষে একটি রিট করা হয়।
বিষয়টি নিয়ে পরে হাইকোর্ট নির্ধারিত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন করার ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের ওপর শুনানি শেষ হয় মঙ্গলবার।
রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।
১৯৯০ সালের ৬ জুলাই ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠানের কোনো পদক্ষেপ নেয়নি।



















