শ্যামলবাংলা ডেস্ক ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দেশ এখন ভিশন ২০২১ কে অতিক্রম করে ভিশন ২০৪১ এর পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সক্ষম ও বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আমাদের সক্ষমতার প্রমান নিজেদের অর্থায়নে পদ্মা সেতু। তিনি ১৬ জানুয়ারি মঙ্গলবার মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর এক প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে ওই কথা বলেন।
ওইসময় তিনি বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের কিছু চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, দূরদর্শী ও অগ্রসর চিন্তার নেতৃত্বের ফলে কৃষির আধুনিকায়নে আমরা বিশ্বের অনেক দেশের থেকেই এগিয়ে আছি। বাংলাদেশের বিজ্ঞানীরা তাদের মেধা ও সক্ষতা দিয়ে ক্ষতিকারক পোকার প্রতিরোধক জিন সন্নিবেশ করে নতুন বেগুনের জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। বিজ্ঞানীরা পাটের জিনোম এবং পাটের কান্ড পঁচা রোগের জন্য দায়ী ছত্রাকের জিনোম সিকোয়েন্সে সক্ষম হয়েছে। যার ফলে ভবিষ্যতে মজবুত আঁশযুক্ত পাট বা কান্ড পঁচা রোগ প্রতিরোধী জাতের উদ্ভাবন সহজতর হবে। বন্যা সহনশীল ধানের পরীক্ষা চলছে এবং ২০১৮ সালে বাংলাদেশ ভিটামিন এ সমৃদ্ধ গোল্ডেন রাইসের বাণিজ্যিকীকরণ করতে পারবে। ক্রিস্পার ক্যাস নাইন নামক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা ব্লাস্ট প্রতিরোধী ধান উৎপাদনে সক্ষম হয়েছে। জলবায়ূ পরিবর্তনের সাথে মোকাবেলা করে খাদ্য উৎপাদন বহাল রাখতে জীবপ্রযুক্তির জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দিয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে স্বাস্থ্য শিক্ষা মা ও শিশু স্বাস্থ্যসহ প্রাথমিকে শিশু ভর্তির হার শতভাগ ও ঝড়ে পরার হার হ্রাস করেছে এবং বছরের প্রথম দিন সকল শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া নিশ্চিত করেছে। বাংলাদেশের কৃষকদের উদ্ভাবনী চিন্তার ফলে এখন দেশের জমি জমি সাড়ে ৩ ফসলি। স্বাস্থ্য সম্মত নিরাপদ সবজির ওপর সর্বদিক গুরুত্ব দিয়ে স্বাস্থ্য ও কৃষি খাতে বায়োটেকনোলজি বা জীবপ্রযুক্তিবিদ্যার ব্যবহার দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। যার ফলে আমাদের খাদ্যে দীর্ঘস্থায়ী স্বয়ংসম্পূর্ণতা এবং সুলভ মূল্যে ঔষধ এবং প্রতিষেধকের নিশ্চয়তার সম্ভাবনা বৃব্ধি পাবে।
ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কান্ট্রি ডাইরেক্টর মনমোহন প্রকাশ। কৃষিসহ সবক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করে তিনি বিদ্যুৎ,শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের তীব্রতা হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি প্রকল্প ও আইটিসহ নানা ক্ষেত্রে বাংলাদেশকে ঋণ সহায়তা প্রদানের বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে এশীয় উন্নয়ন ব্যাংক সবসময় পাশে থাকতে চায়।
উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে ২২ আগস্ট, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। ৬৭টি দেশ এর সদস্য। দেশ স্বাধীন হবার পর ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবি’র সদস্য পদ লাভ করে।



















