স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন আমাদের পরাধীনতার মুক্তি। আজ তার সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন আমাদের অর্থনৈতিক মুক্তি। জনকের দর্শনের পথ ধরেই কন্যা এগিয়ে নিচ্ছেন দেশকে। শেখ হাসিনার সদিচ্ছা ও নিষ্ঠার কারণেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। তিনি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম, ২০৩০ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করছেন। এজন্য প্রয়োজন সকলের সমন্বিত সহযোগিতা। তিনি ১৪ জানুয়ারি রবিবার বিকেলে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিংসহ সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশন ২০২১ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা এবং সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরে সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।









