
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে গত ক’দিনের কনকনে শীত,ঘন কুয়াশায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ঝিনাইগাতী উপজেলায় প্রায় ২ লাখ লোকের বসবাস। শীতের জ্বরে কাঁপছে পুরো উপজেলাবাসী। হাড় কাঁপানো কনকনে শীতে দরিদ্র, ছিন্নমূল, পাহাড়ে বসবাসকারী আদিবাসী লোকজন কষ্টে দিন পোহাচ্ছে। দরিদ্র লোকজন আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। প্রচন্ড শীত, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে জন-জীবন। প্রচন্ড শীতের কারণে সন্ধ্যার পর রাস্তঘাট হয়ে পড়ছে জনশূন্য। ঘন কুয়াশায় সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনা। শ্রমজীবি মানুষ কাজের সন্ধানে ঘর থেকে বের হতে পারছে না। শীতে শিশুসহ বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

জানা যায়,১০ জানুয়ারী বুধবার শতাধিক শীতার্থ ছিন্নমূল মানুষ সকাল থেকেই ভীড় করছিল উপজেলা পরিষদের সামনে শীতবস্ত্র পাবার আশায়। কিন্তু শীতবস্ত্র না পেয়ে শূণ্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। এছাড়া প্রতিদিনই শীতবস্ত্রের জন্যে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদের সামনে ভীড় করছে শীতার্থরা। শীতার্থদের দাবী, শীতবস্ত্র বিতরণের জন্যে তাদের নামের তালিকাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সারাদিন অপেক্ষা করে বিকালে শূণ্য হাতে বাড়ি ফিরতে হয় তাদের।
ইউএনও ফারহানা করিম জানান, এবার ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দপ্রাপ্ত ১৪শ’ শীতবস্ত্র জনপ্রতিনিধির মাধ্যমে এবং তিনি নিজে ২শ’ বিতরণ করছেন।











