
স্টাফ রিপের্টার: শেরপুরে এবার সেই চাঁদাবাজীর মামলায় শান্তানন্দ ওরফে প্রবীর চৌধুরী (৪৫)নামে এক কথিত ব্রহ্মচারী ও জেলা জাসদের সাধারণ সম্পাদক বিপ্লব দে লব (৫২)কে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার তারা উচ্চ আদালতের অর্ন্তবর্তীকালিন জামিনের মেয়াদ শেষে শেরপুর সদর কগনিজেন্স আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান তা নাকচ করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শান্তানন্দ চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরের ও জাসদ নেতা লব শহরের সাতানীপাড়া মহল্লার অধিবাসী।এদিকে, বিষয়টি আদালত অঙ্গন ছাপিয়ে শেরপুরে ‘টক অব দি টাউন’ হিসেবে আলোচিত হচ্ছে। অন্যদিকে, কথিত ব্রহ্মচারী শান্তানন্দের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ভক্তদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, প্রায় ১ বছর আগে শহরের নয়আনী বাজার এলাকার পোদ্দার কমপ্লেক্সের ছাদে শান্তানন্দ ওরফে প্রবীর চৌধুরী নামে এক কথিত ব্রহ্মচারীর স্থাপিত ক্রিয়াযোগ উপাসনালয়কে ঘিরে সম্প্রতি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে বিভেদ দেখা দেয়। ওই অবস্থায় বাড়ির মালিক উপাসনালয়টি সরিয়ে নেওয়ার কথা বললে শান্তানন্দের ভক্তরা ক্ষুব্ধ হন। এক পর্যায়ে শান্তানন্দের ১০ জন শিষ্য ওই উপাসনালয়টি যেন না সরাতে পারে সেজন্য পোদ্দার পরিবারকে বিবাদী করে আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। এর মধ্যেই ব্রহ্মচারী শান্তানন্দ শেরপুরের বাইরে চলে গেলে ২১ নবেম্বর দুপুরে ওই উপাসনালয়টি বাইরে থেকে তালাবদ্ধ করে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২৪ নবেম্বর পোদ্দার কমপ্লেক্সের মালিক বিশিষ্ট ব্যবসায়ী রাম পোদ্দারের দায়ের করা ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় আসামী করা হয় কথিত ব্রহ্মচারী শান্তানন্দ ও জাসদ নেতা লবসহ ৯ জনকে। এছাড়া অজ্ঞাতনামা আরও রাখা হয় ১০/১৫ জনকে।ওই মামলায় কলেজ শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী রিতেশ কর্মকার ও তার শ্যালক অমিত মালাকারকে গ্রেফতার হয় পুলিশের হাতে। পরবর্তীতে তারাসহ অন্যান্য আসামীরা স্থানীয়ভাবে বাদী পক্ষের সাথে আপোষ রফার মাধ্যমে জামিনে গেলেও ওই প্রক্রিয়ার বাইরে থাকেন কথিত ব্রহ্মচারী শান্তানন্দ ও তার প্রধান ভক্ত জাসদ নেতা লব।
সোমবার সকালে ব্রহ্মচারী শান্তানন্দ বিলাসবহুল কয়েকটি গাড়ীসহ ভক্তদের বহর নিয়ে শেরপুরে প্রবেশ করে। এরপর আদালত অঙ্গনে প্রবেশের আগেই ওই বহর থেকে বহিরাগত ১৭ অনুসারিকে আটক করে ডিবি পুলিশ। পরে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে মুচলিকামূলে তাদের ছেড়ে দেওয়া হয়।










