
স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় আমিরুল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ জানুয়ারী বুধবার রাতে উপজেলার রেহাই অষ্টধর গ্রামের শিকদার পাড়া নদীর ঘাট সংলগ্ন একটি মাসকালাই ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার গলায় ও হাত-পায়ে জখমের চিহ্ন রয়েছে। সে স্থানীয় নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুপুরে জেলা সদর হাসপাতালে আমিরুলের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ওই ঘটনায় নকলা থানায় একটিহত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে ।
জানা যায়, আমিরুল বেশ কিছুদিন যাবত গাজীপুরে অবস্থান করে জীবিকা নির্বাহ করতো। মঙ্গলবার সে বাড়ীতে আসে এবং বুধবার সন্ধ্যায় সে পার্শ্ববর্তী গ্রামে ইসলামি সভা শুনতে যায়। ওই সভা চলাকালীন স্থানীয়রা মাসকালাই ক্ষেতে একটি মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে চন্দ্রকোণা তদন্ত কেন্দ্রে নিয়ে গেলে পরিবারের লোকজন গিয়ে তাকে সনাক্ত করে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পূর্ব শত্রুতার কারণে আমিরুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।










