ময়মনসসিংহ প্রতিনিধি ॥ দেশের অষ্টম বিভাগীয় ময়মনসিংহ শহরকে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৩০ ডিসেম্বর শনিবার দুপুরে এক বিশাল র্যালি বের করেছে পৌর কর্তৃপক্ষ। পৌর মেয়র ইকরামূল হক টিটু নেতৃত্বে স্থানীয় কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাইনহলে গিয়ে শেষ হয়। পরিচ্ছন্ন ও সুস্বাস্থ্যের নগরী গড়ে তোলার প্রত্যয়ে আগামী বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ময়মনসিংহ পৌরসভা শুধুমাত্র রাতে ময়লা আবর্জনা সংগ্রহ ও নিষ্কাশনের কাজ পরিচালিত হবে। সুষ্ঠু ব্যর্জ ব্যবস্থাপনায় মেয়র ইকরামূল হক টিটু নতুন বছরে বিশেষ পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছেন।
র্যালিতে আরো অংেশ নেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. তারিকুল আলম, প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, সাবেক প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর দীপক মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নগরিকবৃন্দ অংশ নেন।
মেয়র ইকরামুল হক টিটু বলেন, ৫ লাখের বেশি জনসংখ্যার বিভাগীয় এ নগরীতে বর্তমানে প্রতিদিন ১৫০ টনের বেশি বর্জ্য তৈরি হচ্ছে। প্রতিদিন ভোর থেকে দিনব্যাপী ওইসব বর্জ্য শহরের যানজট অতিক্রম করে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। দিনের বেলায় ওই কাজ করতে গিয়ে নগরীর রাস্তায় সৃষ্টি হয় দুর্গন্ধ, পরিবেশ হয় বিপর্যস্ত। এছাড়াও প্রতিদিন তীব্র যানজটে অপসারণ কাজও বাধাগ্রস্ত হয়। অনেক সময় আবর্জনা বহনকারী ট্রাকের কারণেও যানজট সৃষ্টি হয়। তিনি বলেন, নগরীতে জনসমাগম অব্যাহতভাবে বৃদ্ধির ফলে বিশেষ করে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ের যানজট এড়াতে আমরা প্রচলিত বর্জ্য অপসারণ কার্যক্রমের সময়ে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছি। আগামী পহেলা জানুয়ারি থেকে শুধুমাত্র রাতে ময়লা আবর্জনা সংগ্রহ ও নিষ্কাশনের কাজ পরিচালিত হবে। এছাড়া প্রতিটি দোকানে, অফিসে ও ব্যবসা প্রতিষ্ঠানে আবর্জনা রাখার পাত্র স্থাপন করারও আহ্বান জানান তিনি।



















