মুন্সীগঞ্জ প্রতিনিধি : বিজয়ের মাস ডিসেম্বরে দুটি পিলারের ওপর দ্বিতীয় স্প্যান বসানোর কথা থাকলেও পদ্মার তলদেশে কারিগরি সমস্যার কারণে সেটি বসছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৫০ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘যথাসময়েই লক্ষ্য বাস্তবায়ন হবে।’ বুধবার মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন ও সিরাজদীখানের মোস্তফাগঞ্জ এলাকায় সেতু উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ওই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা নদীর স্রোত যেমন বৈচিত্র্যময়, এর তলদেশেও রয়েছে নানা বৈচিত্র্যময় মাটির গঠন। বিশ্বে আমাজান নদীর পরই পদ্মা নদীর অবস্থান। এই খরস্রোতা নদীর তলদেশে কারিগরি (টেকনিক্যাল) সমস্যা দেখা দেওয়ায় দ্বিতীয় স্প্যানটি স্থাপন করতে একটু সময় লাগছে। নতুন বছরের শুরুতে মধ্য জানুয়ারি পর্যন্ত এটি গড়াতে পারে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহী এক প্রার্থীকে নিয়ে আলোচনা করেন এবং তাকে প্রস্তুতি নিয়ে ভোটারসহ সর্বমহলে যোগাযোগ করতে নির্দেশনা দিয়েছেন।’
তিনি বলেন, ‘যেহেতু দলীয় ব্যানারে ও দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই মনোনয়ন বোর্ডের চেয়ারপারসন দলের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৮ সদস্যের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরই রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লায় যেভাবে মনোনয়ন দেওয়া হয়, সেই নিয়মে আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবেন দলের সভানেত্রী।’
সেতুমন্ত্রী এদিন মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় পাঁচটি সেতুর উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেতু মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।



















