শ্যামলবাংলা ডেস্ক : গত আগস্ট মাসে মিয়ানমারে সহিংসতা ছড়িয়ে পরার পর অন্তত ৬ হাজার ৭ শ’ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দাতা সংস্থা মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়েরস (এমএসএফ)। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের ওপর করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে বলে সংস্থাটির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
এমএসএফ বলছে, মিয়ানমার কর্তৃপক্ষ পরিচালিত ঘটনাটি ‘ব্যাপক সহিংসতার সুস্পষ্ট ইঙ্গিত। নিহতের ওই সংখ্যা মিয়ানমার সরকারের দেওয়া তথ্যের চেয়ে অনেক বেশি।
জরিপে দেখা যায়, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আগস্ট থেকে ৬ লক্ষ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে নিহতের মধ্যে ৬ হাজার ৭শ’ মানুষের মৃত্যু সহিংসতায়; যাদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী ৭৩০টি শিশু রয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৪শ’ যাদের মধ্যে অধিকাংশই মুসলিম জঙ্গি।
রাখাইনে ৩০টি পুলিশ ও সেনা চৌকিতে গত ২৪ অাগস্ট রাতে সমন্বিত হামলার পরদিন বর্মী সেনারা অভিযান শুরু করে। এরপর অসংখ্য রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।রাখাইন থেকে বিতাড়িত রোহিঙ্গারা বলেছেন, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি সেখানে নির্বিচারে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে সেনা সদস্যরা।


























