
শ্যামলবাংলা ডেস্ক : কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ফের যানবাহন চলাচল শুরু করেছে। ধীরগতিতে যানবাহন চলাচলে সেতুর দু’পাড়ে যানজট সৃষ্টি হয়েছে।
২৮ নভেম্বর বুধবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সকাল সোয়া ৯টা থেকে সেতুর উভয়প্রান্তে বাস চলাচলের লেনটি চালু করা হয়। দুপুর ১২ টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রাক চলাচলের লেনটিও চালু করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাস ও পণ্যবাহী ট্রাক ধীরগতিতে চলাচল করায় বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঘন কুয়াশার কারণে সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকাল সোয়া ৯টার দিকে শুধু বাস চলাচলের লেনটি ছেড়ে দেয়া হয়। এতে বাস চলাচলে কিছুটা ধীরগতি থাকলেও কোন যানজট নেই। ট্রাক চলাচল দুপুর ১২ টা পর্যন্ত বন্ধ ছিল। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরবর্তী খবর পড়ুন : ‘মায়া কাটারা’ মার্কেট নিয়ে পক্ষভুক্তির আবেদন খারিজ




















