শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় থাকতে জোর করে একতরফা নির্বাচন করতে চায়। জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে খুশিমনে ভোট দিতে হবে। নির্বাচনে বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে। নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ মানবো না। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে মতবিনিময় কালে তিনি ওইসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপদেষ্টারা বেগম জিয়াকে দেশের গুরুত্বপূর্ণ বিভাগগুলো সফরের তাগিদ দেন। দলের কর্মকাণ্ড গতিশীল করতে এবং নেতাদের সক্রিয় রাখতে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করার পরামর্শ দেন।
উপদেষ্টাদের তাদের নিজ নিজ জেলায় সভা ও সমাবেশ করার পরামর্শ দেন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে সংগঠন গোছাতে দলকে পরামর্শ দিতে বলেছেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর ৫৩ জন সদস্য অংশ নেন।




















