শ্যামলবাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানলে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ছয়দিনের ওই দাবানলে নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর বলেন, এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ‘সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর একটি’।ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী এই দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ১০ হারেরও বেশি দমজাকলকর্মী— রয়টার্স।
কর্মকর্তারা জানান, ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার গতিতে বয়ে যাওয়া বাতাসের কারণে আগুন নতুন নতুন শহরে ছড়িয়ে পড়ছে। এতে আরও অনেক লোককে সেসব এলাকা থেকে সরিয়ে নিতে হচ্ছে।

দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে সোনোমা ওয়াইন অঞ্চলের সান্তা রোজা নগরী। সেখান থেকে ১৪ অক্টোবর শনিবার তিন হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
এই শহর পরিদর্শনের পর ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন বলেন, ‘পরিস্থিতির ভয়াবহতা রীতিমতো অবিশ্বাস্য। এটা এমন এক আতঙ্কজনক পরিস্থিতি যা কেউ কখনো কল্পনাও করেনি।’
দাবানল শুরুর পর এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষকে আক্রান্ত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া যেখানেই দাবানল থাবা বসিয়েছে সে অঞ্চলই পরিণত হয়েছে ছাইয়ের স্তূপে।
১৩ অক্টোবর শুক্রবার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছিলেন দমকলকর্মীরা। তবে জোরালো বাতাস ফিরে আসার সঙ্গে উচ্চ তাপমাত্রা ও বাতাসে শুষ্কতার কারণে আগুন ফের নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ে।
ভয়াবহ এই দাবানলে সৃষ্ট ধোয়া ও ছাই সেখান থেকে ৫০ মাইল দূরে সান ফ্র্যান্সিসকো পর্যন্ত ছড়িয়ে পড়েছে।


























