স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশ হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর বিশ্বজিৎ চন্দ্র দে ওরফে বিশ্বদেব নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় এএসপি (নালিতাবাড়ী সার্কেল) অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগে আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুতবিচার) আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি সভাপতি রাজীবুল ইসলাম রাজীব (২৪)সহ ৩ জনের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের শুনানী শেষে দ্রুত বিচার আদালতের দায়িত্বে থাকা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ওই রিমান্ড মঞ্জুর করেন। অপর ২ জন হচ্ছেন বঙ্গবন্ধু যুব পরিষদের আহবায়ক, নাজমুল স্মৃতি কলেজের সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল (৪০) ও হযরত আলী বাবুর্চি (৪৫)। একইসাথে আদালত দেশরতœ ছাত্র ঐক্য পরিষদের উপজেলা শাখার আহবায়ক তায়েবুর রহমান রুবেলসহ অপর ১৩ জনের রিমান্ড নামঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে কোর্ট উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, নালিতাবাড়ীতে এএসপি (সার্কেল) অফিস ভাংচুরের অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায় সোমবার দুপুরে রাজীব ও সোহেলসহ ১৭ জন স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে তাদের জেলা কারাগারে পাঠায় আদালত। একইদিন বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম তাদের ৩ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায়। মঙ্গলবার রিমান্ডের বিষয়ে শুনানী শেষে প্রধান আসামী সোহেল ও রাজীবসহ ৩ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর হলেও অপরদের বেলায় তা নামঞ্জুর করে আদালত।
উল্লেখ্য, ১ অক্টোবর সন্ধ্যায় নালিতাবাড়ীর তারাগঞ্জ উত্তর বাজার এলাকা থেকে পুলিশের হাতে আটকের পর ছাড়া পেয়ে রাত ১টার দিকে অসুস্থ হয়ে মারা যায় স্থানীয় কাচারিপাড়া মহল্লার যুবক বিশ্বদেব দে। পরদিন সকাল থেকে পুলিশী নির্যাতনে বিশ্বদেবের মৃত্যুর অভিযোগ তুলে নালিতাবাড়ী শহরে তার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে আত্মীয়-স্বজনসহ স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে তারা শহরের হাবিব কমপ্লেক্স থাকা এএসপির কার্যালয় ভাংচুর করে। ওই ঘটনায় ৩ অক্টোবর নালিতাবাড়ী থানায় ২৮ জনকে স্বনামে এবং আরও প্রায় দুই/আড়াইশ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে দ্রুত বিচার আইনে একটি মামলা রেকর্ড হয়।









