স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পর্যায়ে স্থান করে নেওয়া বৃহত্তর ময়মনসিংহের বিশিষ্ট সঙ্গীত শিল্পী তৃপ্তি কর সংবর্ধিত হয়েছেন। ৮ অক্টোবর রবিবার রাতে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে স্থানীয় নিপুণ কমিউনিটি সেন্টারে শেরপুর ক্লাব ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। একই অনুষ্ঠানে তৃপ্তি করের কন্যা সঙ্গীত শিল্পী তন্বী অদিতি কর ও টিভি অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করকেও সংবর্ধনা দেওয়া হয়। ওইসময় তৃপ্তি কর ও তার ২ মেয়ের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন ক্লাবের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সহ-সভাপতি জাকির হোসেন বাবুল। আর অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেন রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ ও আরিফ হোসেন।
শেরপুর ক্লাবের সভাপতি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ মাসুদ ও সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন।
অন্যান্যের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, ক্লাবের অন্যান্য কর্মকর্তা-সদস্যসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন সংবর্ধিত গুণী শিল্পী তৃপ্তি কর। ওইসময় সঙ্গীতের সাথে জড়িত তার বড় মেয়ে তন্বী অদিতি করও সঙ্গীত পরিবেশন করেন। স্থানীয় শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন রিমঝিম দাস, দিগন্ত সাহা, দিপা সরকার, সঞ্জিতা সাহা, ঊর্মি সাহা, তপ দে। সঙ্গীতানুষ্ঠানে বাদ্যযন্ত্রে ছিলেন উদয় শংকর সাহা, আব্দুল কাদের, রতন সাহা, সুতপা দত্ত লুনা, আকাশ ও শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী দেবাশীষ দাস মিলন। সব দিক মিলে ওই অনুষ্ঠানটি উপস্থিতির মাঝে প্রাণচাঞ্চল্য নিয়ে এলেও কেবল আয়োজকদের প্রচারবিমুখ নীতির কারণে তা উপভোগ থেকে বঞ্চিত হয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীসহ অনেকেই। অনেকের কাছে গুণী শিল্পী তৃপ্তি কর ও তার ২ কন্যার একই অনুষ্ঠানে যুগপৎ উপস্থিতি দেখতে না পারার অনুভূতিও তিক্ততার।
উল্লেখ্য, সংবর্ধিত শিল্পী তৃপ্তি কর (৫৫) বৃহত্তম ময়মনসিংহের একজন গুণী শিল্পী। শেরপুরের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সঞ্চিতা হোড় দীপুর ছোট বোন তৃপ্তি কর দীর্ঘদিন যাবত বাংলাদেশ বেতার ও টিভিতে সঙ্গীত পরিবেশন করে আসছেন। এ সুবাদে তিনি সঙ্গীতাঙ্গনে জাতীয় পর্যায়েও ভূমিকা রাখছেন। ইতোমধ্যে তিনি আধুনিক গানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিল্পীর স্বীকৃতিও পেয়েছেন। শেরপুর শহরের মেয়ে তৃপ্তি শিশুকাল থেকেই সঙ্গীতের সাথে জড়িত। ছোটকালে শেরপুরের হারান মিত্র ও কানু সেন গুপ্তের মাধ্যমে সঙ্গীতে তার হাতেখড়ি হলেও পরবর্তীতে তিনি ময়মনসিংহের নারায়ণ দাস ও মিঠুন দের কাছেও সঙ্গীতের দীক্ষা নেন। বিয়ের পর থেকে তিনি টাঙ্গাইলের ঘাটাইলের জামুরিয়ায় এবং স্বামী প্রয়াদ কর্ণেল অনন্ত করের চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় থাকলেও তার সঙ্গীত চর্চা কখনোই থেমে থাকেনি। কেবল তাই নয়, একমাত্র পুত্র অনন্য কর বর্তমানে সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত থাকলেও অপর ২ সন্তান তন্বী ও ঊর্মিলাকে নিজের মত করেই গড়ে তুলেছেন। ইতোমধ্যে টিভি অভিনয়ে ঊর্মিলা একজন প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবেই যেমন পরিচিতি পেয়েছেন, ঠিক তেমনি মার মতো গান করে তন্বীও নিজের অবস্থান তুলে ধরছেন সঙ্গীতাঙ্গণে।






