স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনসহ অধিকাংশ সদস্য পুলিশের ব্যাপক তৎপরতায় নকলায় জঙ্গীদের বিস্ফোরক তৈরির রাসায়নিকের গোডাউনের সন্ধান এবং জঙ্গী নাশকতার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ময়মনসিংহ বিভাগের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া নালিতাবাড়ীতে পুলিশ হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর বিশ্বদেব নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পরেরদিন এএসপি (নালিতাবাড়ী সার্কেল) এর কার্যালয় ভাংচুরের ঘটনায় স্থানীয় একটি মহল জড়িত বলে অভিযোগ উত্থাপন করে তদন্ত সাপেক্ষে ওই মহলের হোতাদের আইনের আওতায় নেওয়ার দাবি তুলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। অন্যদিকে বিয়ে না করায় এক কলেজছাত্রীর মামলায় নায়কসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান জড়িত বলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল। অবশ্য তার বক্তব্যের জবাব দিতে চেষ্টা করেন জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মোঃ মাসুদ, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।









