নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশ হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর বিশ্বজিৎ চন্দ্র দে ওরফে বিশ্বদেব নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় এএসপি (নালিতাবাড়ী সার্কেল) অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় তৌহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৫ অক্টোবর বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার গোবিন্দনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের বিদ্রোহী অংশের সক্রিয় কর্মী। বিকেলে গ্রেফতারকৃত তৌহিদুলকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তালুকদার তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে ওই মামলা ও গ্রেফতারের ঘটনায় নালিতাবাড়ীতে ফের ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
জানা যায়, ১ অক্টোবর সন্ধ্যায় পুলিশের মাদকবিরোধী অভিযানকালে স্থানীয় তারাগঞ্জ উত্তর বাজার এলাকা থেকে আটক হয় কাচারিপাড়া মহল্লার মৃত বিধান দে’র ছেলে বিশ্বদেব। পরে রাত ১০টার দিকে স্থানীয়দের সুপারিশে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বদেব অসুস্থ হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন সকাল থেকে পুলিশী নির্যাতনে বিশ্বদেবের মৃত্যুর অভিযোগ তুলে নালিতাবাড়ী শহরে তার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে আত্মীয়-স্বজনসহ স্থানীয় বিক্ষুব্ধ জনতা। ওইসময় তারা শহরের তারাগঞ্জ উত্তর বাজারস্থ শহীদ মিনার ৩ রাস্তার মোড়ে একাধিক স্থানে টায়ার জ্বালায়। এছাড়া তারা কিছু দোকানপাটসহ স্থানীয় হাবিব কমপ্লেক্স থাকা এএসপির কার্যালয় ভাংচুর করে। ওই ঘটনার একদিন পরই পাল্টে যায় সার্বিক দৃশ্যপট এবং কোন মামলা না হলেও ৩ অক্টোবর রাতে হাবিব কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক তোফাজ্জল হোসেন বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, সম্পাদকম-লীর সদস্য তৌহিদুল ইসলাম ও বঙ্গবন্ধু যুব ঐক্য পরিষদের সভাপতি আসাদুজ্জামান সোহেলসহ ২৮ জনকে স্বনামে এবং আরও প্রায় আড়াই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তৌহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।









