স্টাফ রিপোর্টার : শেরপুরে জাল সার্টিফিকেট তৈরীর অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। ১ অক্টোবর রবিবার দুপুরে শহরের খরমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার সূর্য্যনগর গ্রামের রইজউদ্দিনের ছেলে আব্দুল জলিল (৩২) ও সদর উপজেলার পূর্বকুমড়ি গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে আনোয়ার হোসেন (২৬)।
জানা যায়, রবিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এস আই শহিদ ও এস আই শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শহরের খরমপুর এলাকার খান ডিজিটাল স্টুডিও থেকে জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জাম কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার ও বেশকিছু জাল সার্টিফিকেটসহ জলিল ও আনোয়ারকে গ্রেফতার করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত তারা কম্পিউটারের ব্যবসার আড়ালে জাল সার্টিফিকেট তৈরী করে আসছিল।









