স্টাফ রিপোর্টার ॥ মেয়াদোত্তীর্ণ, বিক্রয়নিষিদ্ধ ঔষধ ও চিকিৎসক নমুনা ঔষধ রাখার দায়ে শেরপুরে ২ ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজমোড় এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভূইয়ার নেতৃত্বে ও জেলা ড্রাগ সুপারিনটেন্ডেন্ট তাহমিদ জামিলের সহযোগিতায় ওই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ, চিকিৎসক নমুনা ঔষধ ও বিক্রয়নিষিদ্ধ ঔষধ রাখায় ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (এ) ধারা ভঙ্গ করার দায়ে ওই আইনের ২৭ ধারায় শহরের কলেজ মোড় এলাকার তালুকদার ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং বাংলাদেশ মেডিকেল হলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পুলিশ প্রশাসনসহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত ঔষধ পুড়িয়ে ফেলা হয়।
জেলা ড্রাগ সুপারিনটেন্ডেন্ট তাহমিদ জামিল অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।









