স্টাফ রিপোর্টার ॥ ‘বিএনপির এখন করুণ অবস্থা’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের পোড়ার দোকান এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন।
তিনি বলেন, জাতীয় পার্টিকে একসময় নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের ওপর বিএনপি অনেক অত্যাচার-অবিচার করেছে। ৬ বছর জেল খেটেছি। আমাদের কর্মী-নেতৃবৃন্দ জেল খেটেছে। স্ত্রী-পুত্রসহ পরিবারের কাউকে বাদ দেয়নি। আল্লাহর বিচার শুরু হয়েছে। তাদের এখন করুণ অবস্থা। বিএনপি আজ কোথায় আমরা জানি না। তারা জনগণের মধ্যে নেই। তাদের রাজনীতি হচ্ছে ঢাকার মধ্যে। আর আমাদের রাজনীতি জনগণের মধ্যে। তাই আপনাদের কাছে এসেছি। আরেকবার সুযোগ দিন। দেখাতে চাই জাতীয় পার্টি সবচেয়ে ভাল দল ছিল। ভাল সরকার ছিল।
এরশাদ বলেন, আগামী নির্বাচনে থাকবে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি। জাতীয় পার্টির অবস্থা এখন আগের মতো নেই। জাতীয় পার্টিই এখন রাজনীতিতে বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তিনি আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, আমাদের ছাড়া নির্বাচন হবে না। কেউ ক্ষমতায় যেতে পারবে না এবং আল্লাহ যদি ইচ্ছা করেন, আমরা চেষ্টা করলে ক্ষমতায়ও আসতে পারব। বন্যাদুর্গত এলাকার মানুষ পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে এ বিষয়ে আরও উদ্যোগ নিতে হবে, যাতে বন্যাদুর্গত মানুষ পর্যাপ্ত সরকারি ত্রাণ পেতে পারে।
জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মহাসচিব, সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাপার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ।
ওইসময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনসহ জেলা জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে জাতীয় পার্টির পক্ষ থেকে বন্যা দূর্গত ৫ শতাধিক মানুষের মাঝে মাথাপিছু ৫ কেজি করে চাল, এক কেজি লবণ ও আধা কেজি করে ডাল বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ সকাল পৌণে ১১টায় হেলিকপ্টারযোগে চরপক্ষিমারী ইউনিয়নে অবতরণ করেন। ওইসময় তাকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। এর পরপরই তাকে পৃথক ফুলেল শুভেচ্ছা জানান জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। সমাবেশ ও ত্রাণ বিতরণ শেষে তিনি জামালপুরের বকশীগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণের উদ্দেশে হেলিকপ্টারযোগে ওই স্থান ত্যাগ করেন।
























