শ্যামলবাংলা ডেস্ক : সরকার চলতি অর্থবছরে বিদেশ থেকে ১৫ লাখ টন চাল আমদানি করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা পরিধান কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে নয় লাখ টন চাল আমদানির পরিকল্পনা ছিল। তবে দেশে ভয়াবহ বন্যার কারণে খাদ্য ঘাটতি পূরণে আমদানির পরিমাণ বাড়ানো হয়েছে, এখন ১৫ লাখ টন চাল আমদানি করা হবে। এ ছাড়া পাঁচ লাখ টন গম আমদানির কথাও জানান কামরুল।
সভায় চালের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, শুল্ক ৮ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে দুই-এক দিনের মধ্যে পরিপত্র জারি হবে।





















