স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে শেরপুরে ৪ শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ জুলাই বুধবার রাতে শহরের কাজীবাড়ী পুকুরপাড় সংলগ্ন সাবেক সেনাসদস্য ফরহাদ মিয়ার ছাত্র মেস থেকে বিপুল পরিমাণ রাষ্ট্রবিরোধী পুস্তক, জামায়াত ও শিবিরের সাংগঠনিক কাগজপত্রসহ তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে জেলা শিবিরের সহ-সভাপতি জাহেদুল ইসলাম, শেরপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখার শিবির সভাপতি তাজুল ইসলাম, শিবিরের সাথী আহসান খান ওরফে ঈশান ওরফে জুবায়ের ও আমির হামজা। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার হওয়া শিবির নেতাদের আদালতে সোপর্দ করার পর কোন জামিনের আবেদন না থাকায় তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শহরের কাজীবাড়ী পুকুর সংলগ্ন সাবেক সেনা সদস্য ফরহাদ মিয়ার ছাত্র মেসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জামায়াতি পুস্তকসহ ওই ৪ শিবির নেতাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রাথমিক পর্যায়ে তাদেরকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া শিবির নেতারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনায় লিপ্ত থাকতে পারে। এদের সাথে আরও যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতারেও পুলিশের অভিযান চলছে।
এদিকে ওই ৪ শিবির নেতা ছাড়াও পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্ট, সাজাপ্রাপ্ত পলাতক এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত আরও ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত আসামী ও সন্দেহভাজনদের গ্রেফতার করে। এদেরকেও বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।



















