স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেছেন, সমাজ ও প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষায় মাদক ও জঙ্গিবাদের সাথে কোন আপস নেই। জঙ্গিবাদীরা কোন যুক্তির ধার ধারে না। ধর্মের নামে মানুষ হত্যা করে। তাই সবাই মিলে জঙ্গিবাদসহ মাদকসেবী ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওইসব অপরাধের সাথে কোন রাজনৈতিক দলের নেতা-কর্মী বা পুলিশের লোকজনও যদি জড়িত থাকে তাদেরও রক্ষা নেই। তিনি ১৯ জুন সোমবার বিকেলে শেরপুর শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স হলরুমে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি তার দায়িত্ব পালনকালে শেরপুরসহ ময়মনসিংহ রেঞ্জে নিরপেক্ষতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, রাজনৈতিক নেতা-কর্মীসহ কাউকেই কোনভাবে হয়রানী করা হবে না।
শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব দেবাশীষ ভট্টাচার্য, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা, টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু প্রমুখ। অনুষ্ঠানে নবাগত ডিআইজির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি। এছাড়া মঞ্চে ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
সংবর্ধনা অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, এনএসআই’র উপ-পরিচালক হাবিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া, আলহাজ্ব জয়নাল আবেদীন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, প্রবীণ সংগঠক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামালসহ প্রশাসনের জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগেই নবাগত ডিআইজিকে প্রথমেই ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ আরও কয়েকটি সংগঠনের তরফ থেকে তাকে বরণ করে নেওয়া হয়।
এরপর ডিআইজি নিবাস চন্দ্র মাঝি জেলা পুলিশ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম এবং জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশ নেন।
























