স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কলেজ ছাত্রী তরুণী গৃহবধূ আশরাফুন্নাহার লোপাকে নির্যাতনকারী স্বামী পুলিশের এসআই শাহিনুল ইসলাম সুজন এবার হঠাৎ করেই শ^শুরবাড়ীতে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। ১৬ জুন শুক্রবার বিকেলে ওই ঘটনা ঘটে। তবে শাহিনকে দেখে আশরাফুন্নাহার লোপাসহ শ^শুরবাড়ির লোকজন হতবাক হয়ে যান এবং এক পর্যায়ে পরিবারের লোকজন এসআই শাহিনসহ তার সঙ্গীয় এক যুবককে আটক করেন। ওই খবর ছড়িয়ে পড়লে লোপার আত্মীয়-স্বজন ও এলাকাবাসীসহ বিপুলসংখ্যক লোক ভিড় জমায় ওই বাড়িতে। এসআই শাহীনকে দেখে তারা তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। ওই খবর পৌছে পুলিশের উর্ধ্বতন মহলে। পরে থানা পুলিশ ওই বাড়িতে পৌঁছে উঠিয়ে নিয়ে যায় এসআই শাহিনসহ সঙ্গীয় যুবককে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে ৩ সহযোগীকে নিয়ে দু’টি মোটরসাইকেলে করে শেরপুর শহরের দমদমা মহল্লার শ্বশুর আমিনুল ইসলামের বাড়ীতে হাজির হয়ে এসআই শাহীনুল ইসলাম সুজন সরাসরি স্ত্রী লোপার ঘরে ঢুকেন। ওইসময় লোপা তাকে দেখে আঁতকে উঠে চিৎকার শুরু করলে মা-বাবাসহ পরিবারের অন্যান্য লোকজন ছুটে গিয়ে এসআই শাহীন এবং তার এক সহযোগীকে ঝাপটে ধরেন। অপর ২ জন মোটর সাইকেলে দ্রুত এলাকা ত্যাগ করেন। ওইসময় লোপার পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশ সুপার মোঃ রফিকুল হাসান গণিকে মোবাইল ফোনে জানানো হয়। পরে এসআই শাহীনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আক্তারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হলে তাদের হাতে অভিযুক্ত এসআই শাহীনকে তুলে দেওয়া হয়। ওইসময় এসআই শাহীন তদন্ত কর্মকর্তাকে জানান, তিনি হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন নিয়ে স্ত্রীর জামা-কাপড় দেওয়ার জন্য শেরপুর এসেছেন। পরে তদন্ত কর্মকর্তা তাদের সেখান থেকে থানায় নিয়ে যান।
এ বিষয়ে মামলার বাদী নির্যাতিতা আশরাফুন্নাহার লোপার মা সেলিনা আক্তার লাকী বলেন, নারী নির্যাতন মামলার আসামী এসআই শাহীনকে আমাদের বাড়িতে দেখে আমরা হতবাক হয়ে গেছি। মামলা করায় সে আমার মেয়ে ভিকটিমকে জোরপূর্বক তুলে নেওয়ার অসৎ উদ্দেশ্যে আরও ৩ সহযোগীকে নিয়ে এসেছিলো। ক্ষমা প্রার্থনা কিংবা কাপড়-চোপড় দিতে আসার বিষয়টি তার সাজানো নাটক। তিনি আরও জানান, ইতোমধ্যে শাহিন তার কৃতকর্মের বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এবং আমাদের আত্মীয়-স্বজনদের কাছে শেষবারের মত ক্ষমাপ্রার্থনা করলেও মামলার তদন্তে তেমন কোন গতি নেই। এজন্য তিনি অবিলম্বে তাকেসহ মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার এসআই মোঃ আক্তারুজ্জামান বলেন, ভিকটিমের বাড়িতে মামলার আসামী এসআই শাহীনুল ইসলাম সুজনের উপস্থিতির বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই। পরে এসআই শাহীনকে সেখান থেকে আনার পর তিনি হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিনের কাগজ দেখালে তাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, আশরাফুন্নাহার লোপার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৪ জুন বুধবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেরপুর শহরের দমদমা এলাকার বাবার বাড়িতে আনা হয়েছে। বাবার বাড়িতেই এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, ২০ লাখ টাকা যৌতুকের দাবি পূরণ না হওয়ায় স্ত্রী আশরাফুন্নাহার লোপাকে গত ২২ মে রাতে মারপিট করে গুরুতর জখমের অভিযোগে পুলিশের এসআই শাহিনুল ইসলাম সুজনসহ তার পরিবারের ৬ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় ৫ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা এসআই শাহীনুল ইসলাম সুজন ডিএমপি’র ডিবি ইউনিটে উপ-পরিদর্শক পদে কর্মরত।



















