স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার রাজনীতি ও নেতৃত্বকে সু-দৃঢ় করতে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যের কোন বিকল্প নেই। ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগে নেতৃত্বে প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। তবে নেতৃত্ব, কর্তৃত্ব ও স্বীয় প্রভাব বিস্তার ও প্রতিষ্ঠা করতে গিয়ে কারও মাঝেই কোন প্রতিহিংসা ও হানাহানি কোনভাবেই কাম্য নয়। তিনি ১৩ মে শনিবার সন্ধ্যায় শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের নির্বাহী পরিষদের চতুর্থ সভায় ওইসব কথা বলেন। ওইসময় তিনি বলেন, দলের ভেতর অবস্থান করেই নেতা-কর্মীরা সম্মানীত ও মূল্যায়িত হন। আর বিশেষ স্বার্থে বা ব্যক্তিস্বার্থে দলের বাইরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি বা ভিন্ন প্লাটফরম করে কাদা ছুড়াছুড়ির নামে অপরাজনীতি করে সাময়িক ফায়দা আদায় করা সম্ভব হলেও রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয়। আর সেরকমটা হলে একসময় হয়তো দলকে বিভক্ত করতে গিয়ে দল থেকে নিজেদেরকেই ছিটকে পড়তে হবে। তিনি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে দৃঢ় অবস্থান নিশ্চিত করতে আমাদের সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের টিকেট যিনি পাবেন, তা পক্ষেই কাজ করব- এমন মানসিকতাও থাকতে হবে।
ওই সভায় জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির গঠনের পর প্রথমবারের মতো জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও জেলা আওয়ামী লীগের সদস্য, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু উপস্থিত হলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল তাদের স্বাগত জানিয়ে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করলে তারা দু’জনই নিজেদের দুঃখ-কষ্ট প্রকাশ করে একমত পোষণ করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জাতীয় পরিষদ সদস্য মোঃ খোরশেদুজ্জামান, সিনিয়র সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বশিরুল ইসলাম শেলু, এডভোকেট রফিকুল ইসলাম আধার, এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, রফিকুল ইসলাম চেয়ারম্যান, প্রকাশ দত্ত, মোতাহারুল ইসলাম লিটন, অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, এডিএম শহীদুল ইসলাম প্রমুখ। ৭১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের ওই সভায় সিনিয়র সদস্য সাবেক এমপি খন্দকার মোঃ খুররম ও আব্দুল হালিম উকিল, সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, গোলাম রব্বানী, ফখরুল মজিদ খোকন, এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, মিনহাজ উদ্দিন মিনাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ও এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপলসহ ৬১ সদস্য উপস্থিত ছিলেন।
























