স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলা উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির অভিযোগে ৬ ফার্মেসিকে অর্ধ-লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। নকলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুল আলম ৭ মে রবিবার বিকেলে ওই জরিমানা করেন। ওই ৬ ফার্মেসি হচ্ছে নকলা পৌর শহরের সেবা মেডিকেল হল, মির্জা মেডিকেল হল, মিনা মেডিকেল হল, সেন্ট্রাল ফার্মা, ফরাজী মেডিকেল হল ও সাহা মেডিকেল হল। এদের মধ্যে সাহা মেডিকেলকে ৫ হাজার টাকা এবং অন্য ৫ ফার্মেসিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জানা যায়, নকলা শহরের কতিপয় ওষুধ ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধ বিক্রি করে আসছেন-এমন অভিযোগের প্রেক্ষিতে রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলমের নেতৃত্বে পৌর শহরের কয়েকটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই সময় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির অভিযোগে আদালত উল্লিখিত ফার্মেসিগুলোকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের জেলা শাখার তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল উপস্থিত ছিলেন। পরে জব্দ করা ওষুধ নকলা থানা প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে একই দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে লাইসেন্স না থাকায় ৮টি কৃষি পণ্য বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। ১৯৬৪ সালের কৃষি বাজার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই ৮ প্রতিষ্ঠানকে ৫শ টাকা করে জরিমানা করা হয়। ওইসময় জেলা বাজার অনুসন্ধানকারী কামাল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (জেএম শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ ওই দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অর্থদ-ের সত্যতা নিশ্চিত করেছেন।









